সোনা পাপ্পুকে নিয়ে শুভেন্দুর দাবি, "কয়েকশো কোটি টাকার মালিক। ১২-১৪ বছর আগে কিছুই ছিল না। একটা বিড়িকে তিনবার নিভিয়ে খেত। সাইকেল নিয়ে ঘুরত।..."
.jpeg.webp)
সোনা পাপ্পুকে গ্রেফতারির দাবি শুভেন্দুর
শেষ আপডেট: 2 February 2026 20:18
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধেয় গোলপার্কের কাঁকুলিয়া রোডে দেখা যায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। গড়িয়াহাটের একদম কাছে এই জনবহুল এলাকায় ঠিক কী করে সন্ধেয় গুলি-বোমা চলল, তা ঠাওর করে উঠতে পারছেন না অনেকেই। উঠছে এলাকা দখল ও বস্তি দখল প্রসঙ্গ, বেআইনি নির্মাণ-সহ একাধিক বিষয়। নেপথ্যে সোনা পাপ্পু (Sona Pappu)। কসবা, ঢাকুরিয়া আর রামলাল বাজার চত্বরে নাকি ত্রাস এখন সে-ই। এদিনের সাংবাদিক বৈঠকে সেই সোনা পাপ্পুকেই 'ডেঞ্জারাস এলিমেন্ট' বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিনের সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু। গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পুরো নিয়ন্ত্রণ করে।" বিরোধী দলনেতার সাফ কথা, "সোনা পাপ্পুকে গ্রেফতার করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। আইওয়াশ করে ১০ জনকে গ্রেফতার করলে চলবে না।"
তাঁর অভিযোগ, "পুকুর বোজানো, এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার, হকার থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। এদের একটাই কাজ কর্পোরেশন, লোকসভা ভোটে ছাপ্পা মারা। আর এটা করে দেয় বলেই তৃণমূলের আশীর্বাদ আছে।"
গোলপার্কের ঘটনায় রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) কাঠগড়ায় তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, "পুলিশমন্ত্রীর বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে ঘটনা ঘটেছে। রাজ্যের পুলিশমন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন, তাহলে পুলিশের আর কী করার আছে?"
সোনা পাপ্পু (Sona Pappu) শাসক দলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইতিমধ্যেই তাঁর সঙ্গে তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে একাধিক নেতাদের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিন শুভেন্দু বলেন, "ও এলাকায় তৃণমূলের প্রধান ভোট লুটেরা। বিজেপিকে কোথাও মিটিং-মিছিল করতে দেয় না। একদম শাহজাহান স্টাইলে করে।"
সোনা পাপ্পুকে নিয়ে শুভেন্দুর দাবি, "কয়েকশো কোটি টাকার মালিক। ১২-১৪ বছর আগে কিছুই ছিল না। একটা বিড়িকে তিনবার নিভিয়ে খেত। সাইকেল নিয়ে ঘুরত। এদের এখন ৪-৬টা গাড়ি, BMW ছাড়া চলে না। ১০টা আঙুলে ১৬টা আংটি, গলায় মোটা চেন, পায়ের জুতোর দাম ৪০-৫০ হাজার টাকা। হাতে দামি মোবাইল ফোন, অনেকের বেতনের থেকে দামি জামাকাপড় পরে।'
কলকাতার নতুন দায়িত্বপ্রাপ্ত সিপি সুপ্রতিম সরকার (Kolkata CP Supratim Sarkar) সোমবার সকালে সাংবাদিকদের সামনে আশ্বস্ত করেছেন গোলপার্কের অশান্তিতে দোষীদের কাউকে ছাড়া হবে না। যদিও এনিয়েও পুলিশের 'নিষ্ক্রিয়' ভূমিকা তুলে কটাক্ষ করতে ছাড়েননি নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, "পুলিশের কাজ পিসি-ভাইপোকে সুরক্ষিত করা, তোলা তুলে তৃণমূলকে পাঠানো আর ভোটের সময় চুরি করা।"
'ওটা আন্দোলন ছিল না, ওটা দাঙ্গা ছিল'
বেলডাঙার অশান্তিকেও (Beldanga Incident) এদিন শুভেন্দু অধিকারী 'পূর্ব পরিকল্পিত' বলে দাবি করেন। বলেন, "ওটা আন্দোলন ছিল না, ওটা দাঙ্গা ছিল। এক হিন্দু ব্যক্তির দোকান ভাঙচুর করা হয়েছে। মালদা, মুর্শিদাবাদের (Murshidabad) হিন্দুদের যেভাবে ভয় দেখিয়ে রাখা হয়, এনআইএ-র (NIA) উচিৎ দেশবিরোধীদের এক এক করে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া।"