
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 27 April 2025 15:04
দ্য ওয়াল ব্যুরো: দিঘায় নির্মিত 'জগন্নাথ ধাম' উদ্বোধনের অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরেই হিডকোর ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ড. হরিকৃষ্ণ দ্বিবেদীকে উদ্দেশ্য করে একগুচ্ছ প্রশ্ন রেখেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সেসব লিখে শুভেন্দু দাবি করেছেন, এই সব গুরুতর প্রশ্নের সদুত্তর না পেলে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা, তা তাঁকে ভাবতে হবে। তাই হিডকো-র ভাইস চেয়ারম্যান দ্বিবেদীর কাছ থেকে তিনি সেসব প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন এক্স হ্যান্ডেলে।
শুভেন্দু অধিকারী জানতে চেয়েছেন, টেন্ডার নথি অনুযায়ী দিঘায় 'জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র' নির্মিত হয়েছে। অথচ আমন্ত্রণপত্রে বলা হয়েছে 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের কথা। তিনি পরিষ্কার জানতে চেয়েছেন, এখানে কি 'জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র'র উদ্বোধন হচ্ছে, নাকি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে? তাঁর মতে, এই বিভ্রান্তি দূর করতে আমন্ত্রণপত্রটি পুনর্মুদ্রণ করা উচিত অথবা স্পষ্ট ব্যাখ্যাসহ লিখিত উত্তর পাঠানো উচিত।
দ্বিতীয়ত, তাঁর প্রশ্ন, যেহেতু WBHIDCO-র পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই এই প্রতিষ্ঠানটিই কি ভবিষ্যতে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র বা মন্দিরের রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও দেখভালের দায়িত্বে থাকবে? তিনি জানতে চেয়েছেন, বর্তমানে WBHIDCO-র চেয়ারম্যান কে? হিডকো-র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এখনও ফিরহাদ হাকিমের নাম চেয়ারম্যান হিসেবে আছে।
শুভেন্দু সে নিয়েও প্রশ্ন তুলেছেন, যদি ফিরহাদ হাকিমকে সরানো হয়ে থাকে, তবে কেন হিডকো-র ওয়েবসাইটে এখনও তাঁর নাম রয়েছে? যদি তাঁকে সরানো না হয়ে থাকে, তবে এই প্রকল্পের সঙ্গে তাঁর ভূমিকা কী হবে? আমন্ত্রণপত্রে কেন তাঁর নাম নেই, তাও জানতে চেয়েছেন তিনি।
তৃতীয়ত, শুভেন্দুর আরও প্রশ্ন, ভবিষ্যতে এই মন্দিরে ভক্তদের দেওয়া দান কোথায় যাবে? যেহেতু এটি সরকারি নিয়ন্ত্রণাধীন একটি সংস্কৃতি কেন্দ্র, ওই দানের অঙ্ক কি মন্দিরের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে, নাকি হিডকো-র আয় হিসেবে ধরা হবে?
চতুর্থত, নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন, মন্দির বা সংস্কৃতি কেন্দ্রে যাঁরা কাজ করবেন, তাঁদের নিয়োগ কে করবেন? তিনি জানতে চেয়েছেন, এখানে কি ধর্মীয় ভাবে হিন্দু নয়, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে? যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বা হিডকো-এর মতো একটি পাবলিক সেক্টর কোম্পানি এই প্রকল্পের নিয়ন্ত্রণে রয়েছে, তাই ধর্মের ভিত্তিতে নিয়োগে কি কোনও বৈষম্য করা হবে?
এর পরে, শুভেন্দু আরও জানতে চেয়েছেন, যেহেতু দিঘার জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হচ্ছে বলে প্রচার করা হয়েছে, তাহলে কি পুরীর নিয়ম অনুযায়ী এখানে হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীদের প্রবেশ নিষিদ্ধ করা হবে?
Dr. H.K. Dwivedi, I.A.S (Retd.); I am in receipt of the Invitation Card sent by you as the Vice Chairman of WBHIDCO Ltd. for attending the inauguration ceremony of 'Jagannath Dham' at Digha.
— Suvendu Adhikari (@SuvenduWB) April 27, 2025
I will gladly attend the ceremony, if the following concerns are addressed by you:-
a)… pic.twitter.com/Ot7jtitrni
এই পাঁচটি প্রশ্নের শেষে, শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন, যদি এই প্রশ্নগুলোর সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয়, তবে এটা প্রমাণিত হবে, যে রাজ্য সরকার জনগণের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রতারণা, বিভ্রান্তি ও দ্বিচারিতা করে চলেছে। তিনি আশা করেছেন, কর্তৃপক্ষ যথাযথ ব্যাখ্যা দিয়ে এই সমস্ত অনিশ্চয়তা দূর করবেন।