শুভেন্দু শিবিরের বক্তব্য, একদিকে হাইকোর্টের নির্দেশ, অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিশেষ 'ছাড়'... তাহলে কি বিধানসভায় আইন সমানভাবে প্রযোজ্য নয়?

ফাইল ছবি।
শেষ আপডেট: 11 September 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী-সহ প্রবেশ (CM in Assembly with security guards) এর ঘটনায় স্পিকারের (Speaker) বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দুর অভিযোগ, বিধানসভায় নিরপত্তা রক্ষী প্রবেশ নিষিদ্ধ হয়েছে হাইকোর্টের নির্দেশেই। সেই অনুযায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গত ১ সেপ্টেম্বর নির্দেশিকাও জারি করেন। কিন্তু তাতে তিনি স্পষ্ট জানিয়ে দেন— "মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনও মন্ত্রীর নিরাপত্তারক্ষী বিধানসভায় ঢুকতে পারবেন না।"
শুভেন্দুর মতে, স্পিকার মুখ্যমন্ত্রীর রক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি দিয়ে আদালত অবমাননা করেছেন।
শুধু তাই নয়, আদালতে শুভেন্দুর আইনজীবী আবেদন জানিয়েছেন, ঘটনার প্রমাণ হিসেবে বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিক হাইকোর্ট।
এই মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে। তার আগে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক উত্তাপ চড়েছে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে যদিও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি, তবে বিজেপি দাবি করছে— স্পিকারের এই একপেশে পদক্ষেপ আইনকে তোয়াক্কা না করার সমান।
শুভেন্দু শিবিরের বক্তব্য, একদিকে হাইকোর্টের নির্দেশ, অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিশেষ 'ছাড়'... তাহলে কি বিধানসভায় আইন সমানভাবে প্রযোজ্য নয়? আগামী সপ্তাহে আদালত কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে সব মহল।