ঘোষ পরিবারের অভিযোগ—জেল থেকেই সন্দেশখালি নিয়ন্ত্রণ করছেন শেখ শাহজাহান। তাঁর নির্দেশেই ‘পরিকল্পিত হামলা’।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 December 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডের ( Sandeshkhali case) অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ বুধবার আদালতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর ছোট ছেলে ও গাড়ির ড্রাইভারের। গুরুতর জখম ভোলা নিজে। আর এই দুর্ঘটনাকে ঘিরেই নতুন করে বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ঘোষ পরিবারের অভিযোগ—জেল থেকেই সন্দেশখালি নিয়ন্ত্রণ করছেন শেখ শাহজাহান (Sk Sajahan)। তাঁর নির্দেশেই ‘পরিকল্পিত হামলা’। শুভেন্দুও বলেন, “ওটা শাহজাহান করিয়েছেন। ভোলাবাবু এখনো তৃণমূলেরই মানুষ। তাই বারবার বলছি, এই মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়া উচিত।”
বিরোধী নেতার আরও দাবি, “এখানকার জেলে বসে শাহজাহানরা ফোন ব্যবহার করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া সেটা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের জেলে ওদের রাখলে ভোলাদের যেকোনও দিন খুন করা হতে পারে।”
একই সঙ্গে সিবিআইয়ের ভূমিকা নিয়েও কটাক্ষ শুভেন্দুর—“চার বছর পর এসে একটু ঘুম ভাঙল। অনেক দেরিতে নড়েচড়ে বসেছে।”
উল্লেখ্য, সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে গত বছরই মামলা বাংলার বাইরে সরানোর আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তার মাঝেই রেশন দুর্নীতি থেকে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা—বহু মামলার জালে জড়িয়ে আছেন শেখ শাহজাহান। গ্রেফতারির পর থেকেই তিনি জেলবন্দি।
দুর্ঘটনার পর ফের প্রশ্ন—জেলের ভিতর থেকেই কি চলছিল প্রভাব খাটানো? আর সেই কারণেই কি মামলা রাজ্যের বাইরে সরানোর দাবি আরও জোরালো হচ্ছে?