
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 19 September 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য দফতরের ‘টেন্ডার’ নিয়ে এবার বড়সড় অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের স্বাস্থ্য দফতরে লাগাতার দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু জানান, টেন্ডার না ডেকেই একাধিক কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে।
বিরোধী দলনেতার অভিযোগ, ২০১৬ সাল থেকেই সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির নামে লাগাতার দুর্নীতি হয়েছে। এরপরই নাম না করে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিরোধী দলনেতার অভিযোগ, ‘স্বাস্থ্য দফতরের সবচেয়ে বেশি টেন্ডার দেওয়া হয়েছে ভাইপোর আত্মীয়ের কোম্পানিকে।’
শুভেন্দুর অভিযোগ, ‘ভাইপোর ঘনিষ্ঠ আত্মীয় মেনকা গম্ভীরকে টেন্ডার ছাড়াই একাধিক কাজের বরাত দিয়েছে রাজ্য।’ পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত কমিশনার সঞ্জয় বনশল, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহুয়া বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নামেও বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর মতে, স্বাস্থ্য দফতরকে সামনে রেখে শুধুমাত্র বেনামী সম্পত্তি বাড়িয়েছেন তাঁরা।
নন্দীগ্রামের বিধায়কের আরও অভিযোগ, ‘আমাদের কাছে সব নথি রয়েছে। কোভিডের সময় থেকেই দুর্নীতি পাহাড়প্রমাণ হয়েছে।’ অন্যদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ, ‘আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংস্কারের নামে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে’।
একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরোধী দলনেতার অভিযোগ, ‘স্বাস্থ্যমন্ত্রী সবকিছু জানতেন। ওঁর নির্দেশেই স্বাস্থ্য দফতরে ব্যাপক দুর্নীতি হয়েছে।’
আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যে তোলপাড় রাজ্য। রাজ্যের তরফে বারবার কর্মবিরতি প্রত্যাহারের কথা বললেও জুনিয়র ডাক্তাররা এখনও নিজেদের দাবিতে অনড়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী দলনেতা।