'অপারেশন সিঁদুর'-এর সাফল্যে অমিত শাহের (Amit Shah) ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, 'বিশ্বের সর্ববৃহৎ নেতা নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সহযোগী হিসেবে অমিত শাহ অপারেশন সিঁদুরের অন্যতম কারিগর।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 1 June 2025 15:34
দ্য ওয়াল ব্যুরো: নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিত শাহের উপস্থিতিতেই আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় সরকার গঠনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার বিজেপির বিজয় সংকল্প সভা থেকে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'হীরক রানি' বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা।
'হিন্দু যদি বাঁচতে চাও..', বক্তব্যের শুরুতেই স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সাফল্যে অমিত শাহের ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, 'বিশ্বের সর্ববৃহৎ নেতা নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সহযোগী হিসেবে অমিত শাহ অপারেশন সিঁদুরের অন্যতম কারিগর। তিনি আমাদের সকলের নেতা, যার হাত ধরে ২০২০ সালের ১৯ ডিসেম্বর বিপ্লবের মাটি মেদিনীপুরে দলের পতাকা নিয়েছিলাম।'
সাম্প্রতিককালে অমিত শাহের তিনটি অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান বিরোধী দলনেতা। প্রথম, পহেলগাম হামলায় নিহত হন কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রীকে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। দ্বিতীয়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে এনেছেন অমিত শাহ। কাঁটাতার পেরিয়ে চাষ করতে গিয়ে কোচবিহারের বাসিন্দা উকিল বর্মণকে অপহরণ করে বাংলাদেশে দুষ্কৃতীরা। তাঁকেও ফিরিয়ে এনেছেন অমিত শাহ।- এই তিনটি কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান শুভেন্দু।
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) 'হীরক রানি' বলে সম্বোধন করেন শুভেন্দু। বলেন, 'হিন্দুদের উপর অত্যাচারের বদলা হবে। বাই বাই করতে হবে হীরক রানিকে।'
এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অমিত শাহের সামনেই সুকান্ত বলেন, "প্রধানমন্ত্রীর সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে। তাতে মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করবে আমার ভারতীয় জনতা পার্টির হাজার হাজার মণ্ডল স্তরের কার্যকর্তারা। তাঁরাই আপনাকে আপনার চেয়ার থেকে নামাবেন।"
সুকান্তর আরও অভিযোগ, অপারেশন সিঁদুর নিয়ে কুৎসা করছেন মুখ্যমন্ত্রী। বীরভূমের অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), যিনি তৃণমূলেরই নেতা, তিনি পুলিশের বাড়ির বউ-মায়ের সম্মান রাখতে পারছেন না। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী আপনার লজ্জা লাগে না? যে পুলিশমন্ত্রী নিজের পুলিশের বাড়ির মায়েদের ইজ্জত রাখতে পারেন না, তিনি অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন? এরকম মহিলার মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকার অধিকার নেই।"