নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) সাংগঠনিক জমায়েত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুদারের (Sukanta Majumder)।

সুকান্ত মজুমদার
শেষ আপডেট: 1 June 2025 15:05
দ্য ওয়াল ব্যুরো: "পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে কোনও সেনা বাহিনী লাগবে না, ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কর্মী সমর্থকরাই অপারেশন বাংলা (Operation Bangla) করবে", নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) সাংগঠনিক জমায়েত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুদারের (Sukanta Majumder)।
প্রধানমন্ত্রীর (Narendra Modi) বঙ্গ সফরের পর এবার রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রোববার রাজাহাটে সিএফএসএলের (CFSL) নতুন ভবনের উদ্বোধন সেরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন তিনি। সেই সভা থেকেই সুকান্ত বলেন, "প্রধানমন্ত্রীর সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে। তাতে মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করবে আমার ভারতীয় জনতা পার্টির হাজার হাজার মণ্ডল স্তরের কার্যকর্তারা। তাঁরাই আপনাকে আপনার চেয়ার থেকে নামাবেন।"
সুকান্তর অভিযোগ, অপারেশন সিঁদুর নিয়ে কুৎসা করছেন মুখ্যমন্ত্রী। বীরভূমের অনুব্রত মণ্ডল, যিনি তৃণমূলেরই নেতা, তিনি পুলিশের বাড়ির বউ-মায়ের সম্মান রাখতে পারছেন না। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী আপনার লজ্জা লাগে না? যে পুলিশমন্ত্রী নিজের পুলিশের বাড়ির মায়েদের ইজ্জত রাখতে পারেন না, তিনি অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন? এরকম মহিলার মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকার অধিকার নেই।"
এদিনের সভামঞ্চ থেকে চাকরিহারাদের কথাও মনে করিয়ে দেন রাজ্য বিজেপি সভাপতি। বলেন, দেশ এগিয়ে চলেছে অথচ হাজার হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল হয়েছে। ওএমআর শিট পাওয়া যাচ্ছে না। সুকান্তের প্রতিশ্রুতি, ভারতীয় জনতা পার্টি সরকারে এলে প্রতি বছর এসএসসি হবে। পরীক্ষার সঙ্গে সঙ্গে সেই ওএমআর পরীক্ষার্থীদের দেওয়া হবে। কোনও দুর্নীতি হতে দেবে না ভারতীয় জনতা পার্টি।
১০ মাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন। সেই আবহে ইন্ডোর থেকে সাংগঠনিক রণকৌশল নিয়ে বার্তা দিতে পারেন অমিত শাহ। তার আগে নেতা-কর্মীদের লড়াইয়ের জন্য তৈরি হতে বললেন সুকান্ত। জানালেন, এখন এক এবং একমাত্র লক্ষ্যই হওয়া উচিত আসন্ন বিধানসভা নির্বাচন।