
শেষ আপডেট: 12 June 2023 06:52
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাস বসার আগেই সেখানে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকাল পৌনে ১১টা নাগাদ হাইকোর্ট চত্বরে পৌঁছে যান শুভেন্দু। দেখা যায় তরুণজ্যোতি তিওয়ারি-সহ আরও কয়েকজন বিজেপির আইনজীবী তাঁকে এজলাসের দিকে নিয়ে যাচ্ছেন।
বেলা সওয়া ১২টায় যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে তখনও তাঁর দায়ের করা পঞ্চায়েত মামলার শুনানি চলছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এজলাসে ঠায় বসে আছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু পঞ্চায়েত সংক্রান্ত মামলার অন্যতম মামলাকারী। বিরোধী দলনেতার মূল আর্জি, মনোনয়নের সময় বাড়ানো এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো হোক। কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে আর্জি জানিয়েছে কংগ্রেসও। সেই পিটিশন দাখিল করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যদিও অধীরকে এদিন আদালতে দেখা যায়নি।
এমনিতে আদালতে যাওয়া শুভেন্দুর কাছে কার্যত রুটিন। তাঁর মিছিল, মিটিং বন্ধ করা হলেই তিনি হাইকোর্টে মামলা করেন। গত কয়েক মাসে হাইকোর্টের অনুমতি পেয়ে বেশ কিছু সভাও করেছেন বিরোধী দলনেতা। যে সব সভার অনুমতি দিয়েও বাতিল করেছিল বিভিন্ন জেলা প্রশাসন। কিন্তু কোনও ক্ষেত্রেই নন্দীগ্রামের বিধায়ককে সশরীরে আদালতে হাজির হতে দেখা যায়নি।
অনেকের মতে, মামলার গুরুত্ব বোঝাতেই এদিন এজলাসে হাজির হয়েছেন শুভেন্দু। এই প্রতিবেদন লেখার সময়ে পঞ্চায়েত মামলার নির্ঘণ্ট সংক্রান্ত অংশ নিয়ে সওয়াল-জবাব চলছে। কী রায় দেয় হাইকোর্ট সেদিকেই চোখ বাংলার রাজনৈতিক মহলের।
১৪ জুলাই পঞ্চায়েত ভোট হোক, পরামর্শ প্রধান বিচারপতির, কী বলল কমিশন