
শেষ আপডেট: 14 April 2023 13:18
দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তির উন্নতিতে আজকাল মানুষের অনেক কাজই করার ক্ষমতা রাখে রোবট (Robot)। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে রান্না করা, কিংবা মানুষের মতোই 'সঙ্গী' হয়ে কথা বলা, বহু জিনিসেই পারদর্শী রোবট। এবার রোবট নাকি রিকশাও টানবে! হ্যাঁ, সেটাও সম্ভব করে দেখিয়েছেন সুরাতের (Surat) চার ছাত্র। তাঁরা এমন একটি রোবট তৈরি করে ফেলেছেন, যেটি অবিকল মানুষের মতো হাঁটাচলা করতে পারে, এমনকী, রিকশাও টানতে সক্ষম (Robot Rickshaw Puller)!
সবচেয়ে অবাক করা বিষয় হল, রিকশা টানার উপযুক্ত করে রোবটটি বানাতে সময় লেগেছে মাত্র ২৫ দিন। আর এর জন্য কত টাকা খরচ হয়েছে, তা জানলে তো আরওই চমকে যাবেন। মাত্র ৩০ হাজার টাকাতেই এমন অবিশ্বাস্য কাজ করে ফেলেছেন ওই চার পড়ুয়া।
তাদেরই একজন মৌর্য শিবম। তিনি জানিয়েছেন, মানুষের পা এবং হাঁটা চলার পদ্ধতি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করার পর তার অনুকরণেই বানানো হয়েছে রোবটটি। রাস্তায় সেটি সত্যিই মানুষের মতো হাঁটতে পারে কিনা, এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য একাধিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। যদিও মৌর্য জানিয়েছেন, এখনও পর্যন্ত রোবটটি তৈরির কাজ পুরোপুরি শেষ হয়নি। সেটির হাত, পা, মুখ এবং মাথায় বেশ কিছু কাজ এবং পরীক্ষা-নিরীক্ষা এখনও বাকি রয়েছে। 'আমরা চেষ্টা করেছিলাম, ঠিক যেভাবে মানুষ হাঁটে, সেভাবেই এটিকে তৈরি করার,' দাবি মৌর্যের।
মৌর্য আরও জানিয়েছেন, তাঁরা চান, শুধু হাঁটাচলা কিংবা রিকশা টানাই নয়, তাঁদের বানানো রোবটটি দৈনন্দিন আরও নানা কাজ করতে সক্ষম হোক। তাহলে বাস্তব জীবনে নানা ইতিবাচক কাজে লাগানো যাবে সেটিকে।
নাগরদোলায় বসে সেলফি! চাকায় মাথার চুল জড়িয়ে বাঁকুড়ায় মর্মান্তিক মৃত্যু তরুণীর