
সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 5 August 2024 13:44
দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট যায় সরকার। সোমবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে প্রাথমিকভাবে ধাক্কা খেল রাজ্য। কারণ সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ে তো কোনও স্থগিতাদেশ দেয়নি, বরং রাজ্যের থেকে হলফনামা চেয়েছে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলার শুনানিতে সোমবার জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বিষয়ে হলফনামা দিতে হবে। রাজ্যের বক্তব্য শোনার পরই এই মামলায় পরবর্তী নির্দেশ দেবে শীর্ষ আদালত। তবে তার আগে কলকাতা হাইকোর্টের রায়ে কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না।
২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, এই প্রেক্ষাপটেই কয়েক লক্ষ শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাঁদের চাকরি বহাল থাকবে বলেও জানায় আদালত। এবার সুপ্রিম কোর্ট রাজ্যের থেকে যে হলফনামা চেয়েছে তাতে ওবিসি তালিকাভূক্ত সম্প্রদায়দের নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল এবং রাজ্যের অনগ্রসর কমিশনের সঙ্গে কোনও আলোচনা করা হয়েছিল কিনা, সেই তথ্য দিতে হবে।
প্রসঙ্গত, চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকেই ২০১০ সালের পর তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট কাজে লাগিয়েছেন। তাই কলকাতা হাইকোর্টের রায়ের পর তাঁদের চাকরির ভবিষৎ নিয়ে প্রশ্ন উঠেছে। সেই উত্তরে অবশ্য ডিভিশন বেঞ্চ জানায়, কয়েক লক্ষ শংসাপত্র বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না।