'যোগ্য' চাকরিহারাদের চাকরির মেয়াদ বেড়ে হল ৩১ অগস্ট, ২০২৬। চাকরিতে বহাল থাকার পাশাপাশি বেতনও পাবেন তাঁরা।

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 18 December 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: ৩১ ডিসেম্বর থেকে বাড়ল সময়সীমা (SSC recruitment deadline)। 'যোগ্য' চাকরিহারাদের চাকরির মেয়াদ (SSC teachers job) বেড়ে হল ৩১ অগস্ট, ২০২৬। চাকরিতে বহাল থাকার পাশাপাশি বেতনও পাবেন তাঁরা - এমনটাই জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অর্থাৎ, প্রায় আট মাস চাকরিতে বহাল থাকার সুযোগ খুলে গেল সুপ্রিম কোর্টের নতুন নির্দেশে।
২০১৬ সালের প্যানেলে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এর আগে গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিলের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যেই নতুন করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া (SSC recruitment process) শেষ করতে হবে।
আজ, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি ছিল এসএসসি নিয়োগ মামলার। সেখানে আইনি জটিলতার কারণে নবম দশম, একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়ানোর জন্য আর্জি জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই আবেদনেই সাড়া দিল সুপ্রিম কোর্ট।
'যোগ্য' চাকরিহারাদের আন্দোলনে প্রথম সারির মুখ হয়ে নেতৃত্ব দিয়েছিলেন সুমন বিশ্বাস, চিন্ময় মন্ডলরা। তাঁদের কথায়, সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বস্তিটুকু সাময়িক। সাথী সমাধান নয়।
অন্যদিকে, এই বছর যাঁরা নতুন করে চাকরিতে বসেছিলেন, শীর্ষ আদালতের এই নির্দেশে তাঁদের ক্ষোভ স্পষ্ট। প্রাতিষ্ঠানিক এই দুর্নীতির ফলে নিয়োগে কেবল দেরি হচ্ছে। সমাধান বিশেষ কিছু মিলছে না বলেই দাবি তাঁদের।
এদিকে এদিন মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ সংক্রান্ত বিষয়টি নিয়ে। গ্রুপ-সি ম্যামলাকারী সুবীর সরকার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেছিলেন, যাতে এসএসসির যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয়।
তবে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। ফলে একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনই যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ নিয়েও জোরালো আইনি লড়াই চলছে শীর্ষ আদালতে।