রাজ্য সরকারি কর্মচারীদের অবিলম্বে ২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (DA Verdict)।

ছবি: গুগল
শেষ আপডেট: 16 May 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার (DA) ২৫ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court DA Case)।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোল রাজ্য সরকারের উদ্দেশে বলেন, বকেয়া মহার্ঘ ভাতার ৫০ শতাংশ আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিন। কারণ, নিম্ন আদালত, ট্রাইব্যুনাল ও কলকাতা হাইকোর্ট—এই তিন আদালতই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে রায় দিয়েছে। যেহেতু এই মামলা এখন অনেকদিন গড়াবে তাই অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসাবে বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিয়ে দেওয়া হোক।
কিন্তু অভিষেক মনু সিঙ্ঘভির যুক্তি মানতে রাজি হয়নি সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল অন্তর্বর্তী রায়ে বলেন, বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দেওয়া এখনই সম্ভব না হলে অন্তত বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিয়ে দেওয়া হোক। পরবর্তী শুনানি আবার অগস্ট মাসে হবে।
পরে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ২০১৬ সালে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। পরে ২০২২ সালে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সুতরাং ১ জানুয়ারি ২০১৬ থেকে ডিএ বকেয়া রয়েছে। সেই সময় থেকে বকেয়া হিসাব করতে হবে। চার সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে।
এদিনও আদালতে শুনানির সময়ে অভিষেক মনু সিঙ্ঘভি তাঁর সওয়ালে বলেন, মহার্ঘ ভাতা পাওয়া কোনও সরকারি কর্মচারীর মৌলিক অধিকার নয়। তা নির্ধারণ করা রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী তাঁর পাল্টা সওয়ালে বলেন, এটা মৌলিক অধিকার নয় ঠিকই। কিন্তু মনে রাখতে হবে সংবিধানের ৩০৯ নম্বর ধারার ভিত্তি রোপা রুল তৈরি হয়েছিল। অর্থাৎ এর সাংবিধানিক বৈধতা রয়েছে।
তাৎপর্যপূর্ণ হল, একে তো রাজ্যকে বকেয়া ডিএ মেটাতে হবে। সেই সঙ্গে আবার ডিএ বাড়ানোর কোপও পড়তে চলেছে রাজ্যের কোষাগারের উপর। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার তথা নবান্নের উপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে।