রবিবারও চলবে রোদ-বৃষ্টির খেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি, আর উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। শপিং বা বেড়াতে বের হলে ছাতা রাখুন সঙ্গে।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 13 September 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দুই প্রান্তেই রোদ-বৃষ্টির খেলা চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে একই জায়গায় অবস্থান করছে। সরাসরি বাংলায় প্রভাব না পড়লেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
দক্ষিণবঙ্গে রোববারও গরম ও অস্বস্তি থাকবে। ছুটির দিন পুজোর শপিং করতে বেরলে অবশ্যই ছাতা সঙ্গে রাখতে হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার ও মঙ্গলবার মূলত মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ সব জেলায়। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ রাতে এবং আগামিকাল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। মঙ্গলবার পর্যন্তও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেখানে আজ এবং রবিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এই সময় দমকা ঝোড়ো হাওয়াও বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি জেলা ও তরাই-ডুয়ার্সে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গ আপাতত অতিভারী বৃষ্টি থেকে রেহাই পেলেও উত্তরবঙ্গে বৃষ্টি পিছু ছাড়বে না।