খারাপ আবহাওয়ার কারণে নিম্ন উচ্চতায় ‘গো-অ্যারাউন্ড’ (Go-Around) করতে গিয়ে বিমানের লেজ রানওয়ে স্পর্শ করে। তবে শেষ পর্যন্ত দক্ষতার সঙ্গে আরেক দফা চেষ্টা করে পাইলট নিরাপদে অবতরণ করায় বিমানটিকে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 16 August 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা এড়াল ইন্ডিগোর একটি এয়ারবাস এ৩২১ বিমান (IndiGo Airbus A321 aircraft)। শনিবার (১৬ অগস্ট) খারাপ আবহাওয়ার কারণে নিম্ন উচ্চতায় ‘গো-অ্যারাউন্ড’ (Go-Around) করতে গিয়ে বিমানের লেজ রানওয়ে স্পর্শ করে। তবে শেষ পর্যন্ত দক্ষতার সঙ্গে আরেক দফা চেষ্টা করে পাইলট নিরাপদে অবতরণ করায় বিমানটিকে।
এয়ারলাইন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 'শনিবার মুম্বইয়ে প্রতিকূল আবহাওয়ার কারণে একটি ইন্ডিগো এয়ারবাস এ৩২১ বিমান নিম্ন উচ্চতায় গো-অ্যারাউন্ড চালানোর সময় রানওয়েতে লেজ স্পর্শ হয়ে যায়। এরপর বিমানটি আবার নতুন করে অ্যাপ্রোচ নিয়ে নিরাপদে অবতরণ করে।'
প্রসঙ্গত, বিমানের অবতরণের সময় পরিস্থিতি অনুকূল না থাকলে বা রানওয়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলে পাইলটরা গো-অ্যারাউন্ড বেছে নেন। এতে বিমান রানওয়ে স্পর্শ করার আগে আবার আকাশে উঠে গিয়ে পুনরায় অবতরণের প্রস্তুতি নেয়।
ইন্ডিগোর মুখপাত্র আরও জানিয়েছেন, 'বিমান চলাচলের সমস্ত নিরাপত্তা সংক্রান্ত নিয়ম অনুসরণ করা হচ্ছে। বিমানটিকে প্রয়োজনীয় পরীক্ষা, মেরামত ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পরেই ফের উড়ানের জন্য ব্যবহার করা হবে।'
সংস্থার দাবি, যাত্রী, কেবিন ক্রু ও বিমানের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি, এই ঘটনার জেরে যাতে পরবর্তী বিমান পরিষেবায় কোনও প্রভাব না পড়ে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খারাপ আবহাওয়ার জন্য যে কোনও সময়ে এমন জটিল পরিস্থিতির মুখে পড়তে পারে বিমান। কিন্তু অভিজ্ঞ পাইলটরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে এবং নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ায় শনিবারের ঘটনাটি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।