প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ১৫ অগস্ট দুপুরে সাফারির সময় একটি নন এসি বাসে ছিল কিশোর ও তার পরিবার। রাস্তার ধারে বসে থাকা চিতাবাঘটি ধীরে ধীরে বাসটির দিকে এগিয়ে আসে।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 16 August 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে চিতাবাঘকে দাঁড়িয়ে থাকতে দেখে উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন পর্যটকরা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। সেই চিতাবাঘের হামলায় আক্রান্ত হল এক ১২ বছরের কিশোর (Leopard Attacks Teen On Bengaluru Safari)। বেঙ্গালুরুর বন্যপ্রাণী উদ্যানে সাফারির সময় পর্যটকদের কেউ সেই ভিডিও রেকর্ড করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শিউরে উঠছে নেটিজেনরা।
আক্রান্ত কিশোর বেঙ্গালুরুরই (Bengaluru) বাসিন্দা। বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটাতে ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কে (Bannerghatta Biological Park) গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ১৫ অগস্ট দুপুরে সাফারির সময় একটি নন এসি বাসে ছিল কিশোর ও তার পরিবার। রাস্তার ধারে বসে থাকা চিতাবাঘটি ধীরে ধীরে বাসটির দিকে এগিয়ে আসে। হঠাৎই জানলার কাছে উঠে এসে সেটি ভেতরে ঢোকার চেষ্টা করে।
Leopard attacks 13-year-old at Bannerghatta National Park in Bengaluru during a safari ride.
The incident happened this afternoon and the minor was immediately attended to by the park staff and was then taken to a hospital. He was discharged after treatment. pic.twitter.com/Oc7rEubsNH— Vani Mehrotra (@vani_mehrotra) August 15, 2025
ছেলেটি জানলার ধারে বসে অসাবধনতাবশত হাত জানলার বাইরে রেখেছিল। সুযোগ পেয়েই চিতাবাঘটি (Leopard) নখ দিয়ে তার হাত আঁকড়ে ধরে। মুহূর্তের মধ্যে চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত বাসটিকে উদ্যানের প্রধান কার্যালয়ে ফিরিয়ে আনা হয় এবং আহত কিশোরকে নিকটবর্তী জিগানি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়েছে। ভিডিওতে দেখা যায়, চিতাবাঘটি প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ বাসের জানলার দিকে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঠিক তখনই এই ভয়াবহ ঘটনাটি ঘটে যায়।
উদ্যানের কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাফারির সব গাড়ির জানলায় সুরক্ষিত জাল বসানো ও ড্রাইভারদের কড়া নির্দেশ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই এই ঘটনায় বিবিপি-র বিরুদ্ধে একটি মেডিকো-লিগ্যাল মামলা দায়ের করা হয়েছে বলে খবর।
যদিও ছেলেটির আঘাত গুরুতর নয়, তবুও এটি প্রাণঘাতী হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'প্রকৃতি ও বন্যপ্রাণীর সঙ্গে ছেলেখেলা নয়।' অন্য একজন লিখেছেন, 'অভিভাবকের দায়িত্ব সন্তানকে সচেতন করার।' পাশাপাশি সাফারি গাইডকেও কেন জানলা খোলা রাখতে দেওয়া হল, সেই প্রশ্নও উঠছে।”