নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত বেশ কিছু ছবি দিয়েছেন। তার সঙ্গে লিখেছেন - একটি লক্ষীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

কাঞ্চন মল্লিক এবং সুকান্ত মজুমদার
শেষ আপডেট: 4 November 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: কন্যাসন্তান জন্মের সময় হাসপাতালের বিল-বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং তাঁর স্ত্রী শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। বিল দাঁড়িয়েছিল ৬ লক্ষ টাকা। সেই প্রসঙ্গ টেনে এনে এবার লক্ষ্মীর ভাণ্ডার (Laksmir Bhandar) সম্পর্কে বড় দাবি করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। জানালেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন কাঞ্চন-পত্নী।
নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে সুকান্ত বেশ কিছু ছবি দিয়েছেন। তার সঙ্গে লিখেছেন - একটি লক্ষীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিতে নাম সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের (TMC Actor-MLA) স্ত্রী! সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় (Bidhansabha) জমা দেওয়া নিয়ে যাঁকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল, দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জ্বলজ্বল করছে এই আবেদনপত্রে।
সুকান্তর খোঁচা, এই সংক্রান্ত যাবতীয় তথ্য যদি সত্য হয় তাহলে বুঝতে হবে সত্যিই নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের বিধায়কদের ভাঁড়ারে প্রচণ্ড দুর্দশা! রাজ্য বিধানসভার একজন সদস্য হিসেবে মোটা টাকা ভাতা পেয়েও স্ত্রী-কে দিয়ে লক্ষীর ভাণ্ডারের জন্য আবেদন করানো হচ্ছে। এই প্রসঙ্গে তাঁর কটাক্ষ, লুটে নেওয়ার ক্ষেত্রে কোথাও যে কোনও খামতি নেই তৃণমূলের, সেটা বোঝা যাচ্ছে।
গত ১৭ই অক্টোবর ২০২৫ তারিখের একটি লক্ষীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।এটিতে নাম সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের স্ত্রী!
সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ… pic.twitter.com/t0MXT2racZ— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 4, 2025
যদিও এই সুকান্ত মজুমদারের পোস্ট করা ছবিগুলি আদতে শ্রীময়ীর কিনা, তার সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
প্রসঙ্গত, হাসপাতালের ওই ৬ লক্ষ টাকার বিল কাঞ্চন মল্লিক বিধানসভায় জমা দিতেই হইচই শুরু হয়েছিল। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিল খতিয়ে দেখা হচ্ছে। আরও কিছু জিজ্ঞাস্য থাকলে বিধায়ককে ডেকে জানা হবে বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হবে।
বিষয় হল, চশমার ক্ষেত্রে খরচের উর্ধ্বসীমা থাকা ছাড়া বিধানসভায় মেডিক্যাল বিলের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা থাকে না। বিধায়ক বা তাঁর স্ত্রীর হাসপাতালের বিল বিধানসভায় জমা দেন এবং টাকা ফেরতও পান। তাও কাঞ্চনের ক্ষেত্রে শুধু সন্তান ডেলিভারির বিল ৬ লক্ষ টাকা হওয়ায় তা আলোড়ন ফেলে দিয়েছিল।