দেখার, ডিভিশন বেঞ্চ কোন পথে হাঁটে। তারা রাজ্যের আর্জি মেনে মিছিল স্থগিত করে দেবে, নাকি আদালতের আগের নির্দেশই বহাল রাখবে।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 4 November 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: সোদপুর (Sodepur) এবং পূর্ব বর্ধমানে (Purba Burdwan) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দুটি পদযাত্রার অনুমতি নিয়ে ফের আদালত–রাজ্য সংঘাত। সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) একক বেঞ্চ (Single Bench) বিজেপি নেতাকে মিছিলের ছাড়পত্র দেওয়ার পরই পাল্টা পদক্ষেপ নিল রাজ্য (State Govt)। মঙ্গলবারই তাঁরা ডিভিশন বেঞ্চের (Division Bench) দ্বারস্থ হয়েছে। রাজ্যের দাবি, পরিস্থিতি বিবেচনা করে এই অনুমতি বাতিল করা জরুরি। এদিন দুপুর দু’টোয় মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।
রাজ্যের যুক্তি, রাস উৎসব চলাকালীন সোদপুর–সহ আশপাশের এলাকায় বাড়তি ভিড় থাকবে। বুধবার গুরুনানক জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে অনুষ্ঠান। এই প্রেক্ষিতে আরও দুটি রাজনৈতিক মিছিল প্রশাসনিক চাপ বাড়াবে। এছাড়া নিরাপত্তা ও যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তাই দু’টি মিছিলই স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে আদালতে।
অন্যদিকে বিজেপির দাবি, আইনশৃঙ্খলা অবনতি ও নিরাপত্তা প্রশ্নে আন্দোলন করা তাঁদের সাংবিধানিক অধিকার। পুলিশ ইচ্ছাকৃত ভাবে অনুমতি দিচ্ছে না - এই অভিযোগেই তারা আদালতের শরণাপন্ন হয়েছিল। একক বেঞ্চ তাঁদের পক্ষে রায় দিয়ে মঙ্গলবার সোদপুরে ও বুধবার পূর্ব বর্ধমানে মিছিলের ছাড়পত্র দেয়।
এখন দেখার, ডিভিশন বেঞ্চ কোন পথে হাঁটে। তারা রাজ্যের আর্জি মেনে মিছিল স্থগিত করে দেবে, নাকি আদালতের আগের নির্দেশই বহাল রাখবে।
তাৎপর্যপূর্ণ ব্যাপার, মঙ্গলবারই এসআইআর ইস্যুতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্তের প্রতিবাদে, প্রতীকী বার্তায় এবং সাংবিধানিক আবেগে ভর করে মিছিল করবেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ রেড রোডে বি আর অম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হবে। এরপর রানি রাসমণি রোড ধরে গিয়ে কে সি দাস মোড় হয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। অম্বেদকর ও রবীন্দ্রনাথের নামের সঙ্গে মিছিলের সূচনা ও সমাপ্তি স্থল যুক্ত করে তৃণমূল স্পষ্টতই সাংবিধানিক মূল্যবোধ এবং বাঙালিয়ানার প্রতীক হিসেবে বিষয়টিকে তুলে ধরতে চাইছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ছিল ২ নভেম্বর শহিদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ করার। কিন্তু ওই দিন জায়গা না পাওয়ায় সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে SIR শুরু হওয়ার দিনটিকে হাতছাড়া করতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাই মিছিলের মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে চলেছে দল।