ইনক্লুশন ক্রাইটেরিয়ায় বলা হয়েছে—তফসিলি জাতি বা উপজাতিভুক্ত হলে সহজে রেশন কার্ড মিলবে। আবার, বাড়িতে বিদ্যুৎ না থাকা, পাকা শৌচাগার না থাকা বা পানীয় জলের ব্যবস্থা না থাকাও কার্ড পাওয়ার অন্যতম শর্ত।

ফাইল ছবি।
শেষ আপডেট: 18 August 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: নতুন রেশন কার্ড (New Ration Card) ইস্যুতে এবার আরও কড়াকড়ি (Strict Vigilance)। আবেদন করলেই কার্ড নয়, আবেদনকারীর বাড়িতে গিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিল খাদ্য দফতর।
সম্প্রতি জারি হওয়া নতুন পিডিএস কন্ট্রোল অর্ডার-এ স্পষ্ট বলা হয়েছে, অন্ত্যোদয় কার্ড ইস্যুর আগে সংশ্লিষ্ট আধিকারিককে আবেদনকারীর আর্থ-সামাজিক পরিস্থিতি যাচাই করতেই হবে।
কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ইনক্লুশন ও এক্সক্লুশন ক্রাইটেরিয়া মেনেই রাজ্যে রেশন কার্ড দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী, শহর ও গ্রামাঞ্চলের জন্য আলাদা মাপকাঠি রয়েছে।
ইনক্লুশন ক্রাইটেরিয়ায় বলা হয়েছে—তফসিলি জাতি বা উপজাতিভুক্ত হলে সহজে রেশন কার্ড মিলবে। আবার, বাড়িতে বিদ্যুৎ না থাকা, পাকা শৌচাগার না থাকা বা পানীয় জলের ব্যবস্থা না থাকাও কার্ড পাওয়ার অন্যতম শর্ত।
এক্সক্লুশন ক্রাইটেরিয়ায় স্পষ্ট—শহরে কোনও পরিবারের কাছে ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যান্ডলাইন ফোন বা টু-হুইলার একাধিক থাকলে তাঁরা রেশন কার্ডের জন্য যোগ্য হবেন না। পরিবারের কেউ আয়কর দেন বা সরকারি চাকরিজীবী হলে মিলবে না কার্ড। এমনকি, পাকা বাড়িতে তিন বা তার বেশি ঘর থাকলেও বাদ যাবেন আবেদনকারী।
এ প্রসঙ্গে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, “সরকার যে সব মাপকাঠি বেঁধে দিয়েছে, তার অনেকটাই বাস্তবের সঙ্গে খাপ খায় না। পাকা শৌচাগার না থাকলেই রেশন কার্ড পাওয়া যাবে—এটা একেবারেই অযৌক্তিক। বিষয়টি আমরা কেন্দ্রীয় সরকারের নজরে আনব।”
উল্লেখযোগ্যভাবে, খাদ্য দফতর নতুন করে অন্ত্যোদয় কার্ড ইস্যু করার ক্ষেত্রেও ইনক্লুশন ও এক্সক্লুশন ক্রাইটেরিয়া কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে। ফলে, রেশন কার্ড পাওয়ার লড়াইয়ে এবার আরও বাড়ল আমলাতান্ত্রিক নজরদারি।