দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরভোট রাজ্যের পুলিশ দিয়েই হবে। দ্য ওয়াল আগেই লিখেছিল প্রশাসনের এই সিদ্ধান্ত। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রও জানিয়েছেন, রাজ্যের বাহিনী দিয়েই হবে পুরভোট। তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের সঙ্গে থাকবে রাজ্য পুলিশও।
এদিন নজরুল মঞ্চে ট্রাফিকের একটি সচেতনতামূলক অনুষ্ঠান উদ্বোধনে যোগ দেন পুলিশ কমিশনার। তিনি জানান, নির্দিষ্ট কিছু বুথে কলকাতা পুলিশের সঙ্গে থাকবে রাজ্য পুলিশও।
পাশাপাশি তিনি জানান, নিরাপত্তা এবং বাহিনী মোতায়েন নিয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনে। কমিশন যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী।বাহিনী মোতায়েন হবে। শহরবাসীকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন দিতে কলকাতা পুলিশ বদ্ধপরিকর, বলেন পুলিশ কমিশনার।
পুলিশ কমিশনার আরও বলেন, এত বড় শহরে নির্বাচনের আগে অনেক ঘটনা ঘটে যায়। কিন্তু আমরা বাড়তি নজর রাখছি।।সমস্ত অফিসারদের সক্রিয় থাকতে বলা হয়েছে, যাতে কোনওরকম আইনশৃঙ্খলার অবনতির ঘটনা না ঘটে। পুরভোটের নিরাপত্তার জন্য শহরজুড়ে বাড়তি নজরদারি এবং পেট্রলিং চলছে।
প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনখড় পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন। একই দাবি বিজেপিরও। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু সরকারি সূত্রের খবর, কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরুদ্ধে।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার নির্বাচনে মোট ৩২ হাজার পুলিশ মোতায়েন থাকবে। কলকাতা পুলিশ থাকবে ২৭ হাজার এবং রাজ্য পুলিশ থাকবে পাঁচ হাজার। শেষবার কলকাতা পুরসভা নির্বাচনে এই একই বাহিনী ছিল এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। এবার সামান্য বাড়তে পারে।
জানা যাচ্ছে প্রতি বুথে একজন করে এসআই এবং একজন করে এএসআই ও দুজন সশস্ত্র পুলিশ কনস্টেবল থাকবে। তবে বাহিনীর এই সংখ্যা চূড়ান্ত হবে আগামী।কয়েক দিনের মধ্যে।