নিপা ভাইরাসের খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি সবরকমভাবে সরকারকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 January 2026 16:16
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে (West Bengal) ফের আতঙ্ক ছড়িয়েছে নিপা ভাইরাস (Nipah Virus)। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে দুই নার্স (Nurses Affected by Nipah Virus) ভর্তি রয়েছেন, যাঁদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। আক্রান্তদের একজন নদিয়া এবং অন্যজন কাটোয়ার বাসিন্দা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দুজন নার্সই আপাতত ভেন্টিলেশনে রয়েছেন এবং তাঁদের মধ্যে কাটোয়ার যিনি বাসিন্দা তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
নিপা ভাইরাসের (Nipah Virus) খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)। তিনি সবরকমভাবে সরকারকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। এরপরই জানা গেছে, নজরদারি, নমুনা সংগ্রহ, বেড প্রস্তুতির প্রোটোকল তৈরি করছে কেন্দ্র। আর কলকাতায় নাইসেড এবং স্কুল অফ ট্রপিক্যালে নমুনা পরীক্ষা হবে। এছাড়া বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড (Isolation Ward in Beleghata ID) তৈরি রাখছে স্বাস্থ্যভবন।
কীভাবে ওই দুই নার্স সংক্রমিত হলেন, তাঁরা কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন - এই সমস্ত তথ্য খতিয়ে দেখা শুরু হয়েছিল সোমবারই। ইতিমধ্যে খবর, তাঁদের সংস্পর্শে আসা ১৪ জনের নমুনা পাঠানো হয়েছে এইমসে। কাটোয়া এবং বর্ধমান মেডিক্যালের বহু ব্যক্তির নমুনাও সংগ্রহ করা শুরু হয়েছে। সোমবারই জানা গেছিল, রাজ্যের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে - ০৩৩২৩৩৩০১৮০ এবং ৯৮৭৪৭০৮৮৫৮। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির জন্যও আলাদা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করা হচ্ছে।
নিপা সংক্রমণের খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত পদক্ষেপ শুরু হয়েছে। ল্যাবরেটরি সহায়তা জোরদার করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে সংক্রমণ-প্রবণ এলাকাগুলিতে। একই সঙ্গে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) সংক্রান্ত সমস্ত প্রোটোকল কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলও রাজ্য প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ শুরু করেছে।
ইতিমধ্যে নিপা ভাইরাস মোকাবিলায় রাজ্যকে সাহায্য করার জন্য ৫ জন বিশেষজ্ঞের নামের তালিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তালিকায় রয়েছেন কল্যাণী ও ভুবনেশ্বর এইমসের বিশেষজ্ঞরাও।
এছাড়া জাতীয় স্তরে একটি যৌথ আউটব্রেক রেসপন্স টিম (Outbreak Response Team) মোতায়েন করা হয়েছে। এই দলের কাজ হবে রাজ্য সরকার ও স্থানীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মূল্যায়ন, সংক্রমণের উৎস খোঁজা এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। পাশাপাশি, নিপা সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর বা এসওপি রাজ্যের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ সম্ভব হয়।