সব মিলিয়ে শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়ায় নতুন করে তৈরি হয়েছে জল্পনা ও উদ্বেগ, ঠিক কতটা স্বচ্ছ ও স্থিতিশীল এই নিয়োগযাত্রা, সেই প্রশ্নই এখন ঘুরছে শিক্ষা মহলে।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 13 November 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় (SSC, 11th and 12th class teachers Vacancies) ফের চমক। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর সাম্প্রতিক হিসেব অনুযায়ী, মোট শূন্যপদ কমে গেল ৬৯টি। অর্থাৎ, আগের ১২,৫১৪টি শূন্যপদ থেকে এখন তা দাঁড়াল ১২,৪৪৫টি। এই পরিবর্তন ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রার্থীদের মধ্যে, ঠিক কী কারণে কমল শূন্যপদ?
এসএসসি সূত্রে জানা গিয়েছে, শিক্ষা দফতর থেকেই প্রাথমিকভাবে ১২,৫১৪টি শূন্যপদের তালিকা পাঠানো হয়েছিল কমিশনের কাছে। সেই সংখ্যার ভিত্তিতেই লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু ইন্টারভিউয়ের চূড়ান্ত তালিকা প্রকাশের আগে শূন্যপদের পুনর্গণনা করে দেখা যায়, কিছু পদ আর ‘শূন্য’ নেই—ফলে কমে গেল মোট পদসংখ্যা।
তবে এই হ্রাসের কারণ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ব্যাখ্যা দেয়নি কমিশন। কেউ কেউ মনে করছেন, প্রশাসনিক স্তরে পদ পূরণের হিসেব বা স্কুলের পুনর্বিন্যাসের মতো কারণে কিছু শূন্যপদ বাদ পড়তে পারে। আবার শিক্ষামহলের একাংশের মতে, এমন পরিবর্তন নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার ইঙ্গিতও হতে পারে।
এসএসসি সূত্রের খবর, নতুন এই ১২,৪৪৫টি শূন্যপদের ভিত্তিতেই খুব শীঘ্রই প্রকাশ করা হবে একাদশ-দ্বাদশ স্তরের ইন্টারভিউয়ের তালিকা। ফলে বহু প্রত্যাশিত প্রার্থীর নজর এখন কমিশনের পরবর্তী ঘোষণার দিকে।
একজন প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “লিখিত পরীক্ষার পর এতদিন অপেক্ষা করছি। এখন আবার শূন্যপদ কমে গেল! আমাদের ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তা কেন?”
সব মিলিয়ে শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়ায় নতুন করে তৈরি হয়েছে জল্পনা ও উদ্বেগ, ঠিক কতটা স্বচ্ছ ও স্থিতিশীল এই নিয়োগযাত্রা, সেই প্রশ্নই এখন ঘুরছে শিক্ষা মহলে।