আজ হচ্ছে SSC একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা। কিন্তু তার আগেই প্রশ্নপত্র বিক্রির অভিযোগে উত্তপ্ত রাজনীতি! প্রায় ২.৫ লক্ষ প্রার্থী বসছেন পরীক্ষায়, প্রকাশিত হল কড়া নির্দেশিকা।

আজ SSC পরীক্ষা
শেষ আপডেট: 14 September 2025 08:32
দ্য ওয়াল ব্যুরো: রবিবার অর্থাৎ আজ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। তবে তার আগে ফের রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। অভিযোগ উঠেছে প্রশ্নপত্র ‘বিক্রি’ এবং ‘অডিও টেপ’ প্রকাশ নিয়ে।
গত ৭ সেপ্টেম্বর, নবম–দশম শ্রেণির নিয়োগ পরীক্ষার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, প্রশ্নপত্র ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাঁর কথায়, “বসিরহাট থেকে অডিও পেয়েছি।” যদিও সেই অডিওর সত্যতা যাচাই করা হয়নি। এই ইস্যুতে শনিবার কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তিনি বলেন, “প্রশ্ন ফাঁসটা দেখান, অডিওটা দেখান। শুভেন্দুবাবু প্রশ্নপত্র দেখানোর কথা বলেছিলেন, কিন্তু কিছুই প্রমাণ করতে পারেননি। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে পরীক্ষা দিচ্ছেন। তাঁদের বিভ্রান্ত করা ঠিক নয়।”
পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা
আজ ৪৭৮টি কেন্দ্রজুড়ে পরীক্ষা দিতে বসছেন প্রায় ২.৪৬ লক্ষ প্রার্থী। একাদশ-দ্বাদশে মোট শূন্যপদ ১২ হাজার ৫১৪। কমিশনের তরফে জানানো হয়েছে, বহু কেন্দ্রে ক্লোক রুম নেই। তাই পরীক্ষার্থীদের মূল্যবান গয়না বা ইলেকট্রনিক জিনিস না আনার অনুরোধ করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর আশ্বাস, “প্রশাসন থেকে শুরু করে এসএসসি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রথম দিনের মতো এ দিনও পরীক্ষা শান্তিপূর্ণভাবে হবে।”
গত সপ্তাহে নবম-দশম পরীক্ষায় দেখা গেছে, প্রায় ১০ শতাংশ পরীক্ষার্থী ছিলেন ভিন রাজ্যের। অনেকে এসেছিলেন বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে। এই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, “বিজেপি শাসিত রাজ্যে চাকরি নেই, তাই সেখানকার ছেলেমেয়েরা বাংলায় সুযোগ খুঁজছেন। আমরা কাউকে ভাষার কারণে অপমান করব না। সংবিধান অনুযায়ী তাঁদের স্বাগত জানানো হবে। মুখ্যমন্ত্রী যদি তাঁদের চাকরি দিতে পারেন, সেটাই বিরাট সাফল্য।”