এসএসসি-র (SSC) ২৬ হাজার (26000 Job Cancel) চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ (SSC Tainted List) করতে হবে।

গ্রাফিক্স: দ্য ওয়াল
শেষ আপডেট: 30 August 2025 22:12
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র (SSC) ২৬ হাজার (26000 Job Cancel) চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ (SSC Tainted List) করতে হবে। সেই নির্দেশ মেনেই শনিবার সেই তালিকা প্রকাশ করে দিল এসএসসি।
এদিন আটটা নাগাদ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ১ হাজার ৮০৪ জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে 'দাগি'দের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা আপলোড করা হয়েছে।
আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের (SSC Recruitment) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।
তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। দাবি ছিল, তাঁরা যোগ্য, কিন্তু এখনও অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এসএসসি-র কাছে অযোগ্যদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট।
অন্যদিকে, ‘যোগ্য’ অথচ চাকরিহারা প্রার্থীদের তরফে আলাদা পরীক্ষার দাবি তোলা হয়েছিল। তাঁদের যুক্তি, প্রায় এক দশক আগে তাঁরা পরীক্ষা দিয়ে যোগ্য বলে চিহ্নিত হয়েছেন। নতুন প্রজন্মের পরীক্ষার্থীদের সঙ্গে একই মঞ্চে প্রতিযোগিতায় নামলে তাঁদের সুযোগ কমবে। তাই তাঁদের জন্য পৃথক পরীক্ষা প্রয়োজন। তবে সুপ্রিম কোর্ট সেই আর্জি নাকচ করে দেন।
বস্তুত, প্রথমে ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই তালিকা হঠাৎ প্রত্যাহার করা হয়। এই অঘটন ঘিরেই কমিশনের দফতরে তৈরি হয় নাটকীয় পরিবেশ।
ঠিক সেই সময়েই কমিশনে হাজির হন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (SSC Chairman Siddhartha Majumder)। তিনি দফতরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পরেই ফের নতুন করে প্রকাশ করা হয় সংশ্লিষ্ট ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকা।