বিচারপতির আসনে বসে ‘ঢাকি সহ বিসর্জন’-এর হুঙ্কারও তাঁর মুখেই শোনা গিয়েছিল।

ফাইল ছবি।
শেষ আপডেট: 2 September 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: ২৬ হাজার চাকরি বাতিলের (SSC Scandal) স্থপতি তিনি। বিচারপতির আসনে বসে ‘ঢাকি সহ বিসর্জন’-এর হুঙ্কারও তাঁর মুখেই শোনা গিয়েছিল। যিনি ‘অযোগ্য’দের খুঁজে না পেলে গোটা প্যানেল খারিজের পথ দেখিয়েছিলেন, সেই প্রাক্তন বিচারপতি তথা বর্তমান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Former Justice Abhijit Gangopadhyay) নির্বাচনী এজেন্ট দীপক দেবশর্মার স্ত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছে স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ১৮০৬ জন ‘অযোগ্য’ শিক্ষকের তালিকায়।
পটাশপুরের নেকুরসিনি বিবেকানন্দ বিদ্যাভবনে ইতিহাস পড়াতেন শ্রাবন্তী। তবে ‘অযোগ্য’ তালিকায় নাম ওঠার পর থেকেই স্কুলে যাওয়া বন্ধ। স্কুল কর্তৃপক্ষও স্বীকার করেছে বিষয়টি। সিবিআই তদন্তের রিপোর্ট আদালতে জমা পড়ার পর থেকেই শ্রাবন্তীদেবীর শিক্ষকতা কার্যত বন্ধ হয়ে গিয়েছে।
অভিজিৎবাবু একসময় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এবার তারই ঘনিষ্ঠর নাম দাগিদের তালিকায় থাকা নিয়ে তিনি কতটা অস্বস্তিতে রয়েছেন, জানা যায়নি। তিনি বর্তমানে দিল্লিতেই ব্যস্ত। তবে চরম বিড়ম্বনায় দীপক দেবশর্মা। সাত-আট বছরের চাকরি এক ঝটকায় শেষ হয়ে যাওয়ায় স্ত্রীর মানসিক ভেঙে পড়ার কথা স্বীকার করেছেন তিনি। বলছেন, “মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক দেবে। স্ত্রী যাতে কোনও অঘটন না ঘটায়, তাই সর্বদা পাশে রয়েছি।”
একসময় সক্রিয় বিজেপি কর্মী দীপকবাবু এখন অনেকটাই সরে দাঁড়িয়েছেন রাজনীতি থেকে। মেয়ের পড়াশোনার অজুহাতে দলীয় পদ ছাড়লেও এলাকায় গুঞ্জন, স্ত্রীর অযোগ্য তালিকায় নাম ওঠাই তাঁর মূল অস্বস্তির কারণ। যদিও জেলা বিজেপি নেতৃত্ব দাবি করছে, দীপকবাবুর নিয়োগ হয়েছিল তৃণমূল আমলে। নির্বাচনী কমিটির দায়িত্বে থাকলেও তিনি অভিজিৎবাবুর ঘনিষ্ঠ এজেন্ট ছিলেন না।