সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিজেপি নেতা বলেন, “আমি বিজেপির রাজনীতি করি বলেই আমার স্ত্রীর নাম এই তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই, নেই প্রশাসনিক স্বচ্ছতাও।”

অভিযুক্ত বিজেপি নেতা ও তার স্ত্রী।
শেষ আপডেট: 1 September 2025 20:45
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় (SSC Tainted List) উঠে এল বিজেপির বীরভূম জেলা কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম (Birbhum BJP Leaders Wife)। ফলাফল, আরও এক দফা রাজনৈতিক তরজা শুরু তৃণমূল-বিজেপি মহলে।
শনিবার রাতে এসএসসি যে বিতর্কিত তালিকা প্রকাশ করেছে, তাতে ৬৫৩ নম্বরে রয়েছে লক্ষ্মী বিশ্বাসের নাম। বীরভূমের রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন তিনি।
তালিকা প্রকাশের দু’দিন পর সোমবার সকালে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন সুরজিৎ সরকার। অভিযোগ তুললেন, “আমার স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের মেরিট পয়েন্ট ৮৩.৬৭, অথচ তাঁকে অযোগ্য বলে দাগানো হয়েছে। সেখানে ৭৭ পয়েন্ট পাওয়া অনেকেই কিন্তু ‘যোগ্য’ তালিকায় জায়গা পেয়েছেন। এ কেমন বিচার?”
সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিজেপি নেতা বলেন, “আমি বিজেপির রাজনীতি করি বলেই আমার স্ত্রীর নাম এই তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই, নেই প্রশাসনিক স্বচ্ছতাও।”
নথিপত্র সামনে এনে সুরজিৎ দাবি করেন, এসএসসি যে যুক্তিতে অযোগ্যতা চিহ্নিত করেছে, তাতে লক্ষ্মী বিশ্বাস পড়েন না। তাই এই ‘কালিমালিপ্ত’ তালিকার বিরুদ্ধে আইনি পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
এ প্রসঙ্গে এখনও পর্যন্ত এসএসসি বা রাজ্য সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূল সূত্রে পাল্টা প্রশ্ন উঠছে— “যখন শাসক দলের নেতার নাম আসে, তখন বিজেপি আকাশ-পাতাল করে চেঁচায়। এখন নিজের দলের নেতার স্ত্রীর নাম এলেও কি সেই একই উচ্চস্বর বজায় থাকবে?”