নতুন নিয়মে হতে চলেছে এসএসসি-র লিখিত পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষার দুদিন আগেই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 September 2025 16:34
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়মে হতে চলেছে এসএসসি-র লিখিত পরীক্ষা (SSC Written Exam)। প্রথম দিনের পরীক্ষার দুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশমে ২৩ হাজার ২১২ শূন্যপদ রয়েছে এবং একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪ শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি (Exam Notice) জারি হয়েছে।
এসএসসি সূত্রে খবর, এবার পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী। নতুন বিজ্ঞপ্তিতে ১৭ শতাংশ ওবিসি তালিকা (OBC List) ধরে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। আগামী ৭ তারিখ এসএসসি-র নবম-দশমের পরীক্ষা এবং ১৪ তারিখ হতে চলেছে একাদশ-দ্বাদশের পরীক্ষা।
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে 'দাগি'দের তালিকা (Tainted List) প্রকাশ করে এসএসসি। তবে নতুন নিয়মে পরীক্ষা যে 'যোগ্য'দের দিতে হবে সেটাও স্পষ্ট হয়ে যায়। সেই অনুযায়ী নিয়োগ পরীক্ষার পোর্টাল খোলা হয়। কিন্তু প্রথম দফার পর কিছু সমস্যা তৈরি হওয়ায় ফের দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি।
আসলে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত ৪৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। পরবর্তী সময়ে সেই নিয়ম বদলে (New Exam Rule) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হয়। এর ফলে অনেকেই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারেননি। শেষ পর্যন্ত তাঁরা সুপ্রিম কোর্টে মামলা করলে আদালত নির্দেশ দেয়, পূর্বের নিয়মে তাঁদের পরীক্ষায় বসতে দিতে হবে। তার পরেই দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। কিন্তু আবেদনকারীর সংখ্যা নিয়ে ধন্দ তৈরি হয়।
৭ এবং ১৪ তারিখ যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হবে।
বন্যা বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশপাশে যাতে জল না জমে, সেজন্য প্রতিটি জেলার জেলাশাসকদের বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে। কোনও পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনও সমস্যা দেখা দেয়, তবে সেই ক্ষেত্রে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পরীক্ষাকেন্দ্রে কী কী নেওয়া যাবে না?
কমিশনের নির্দেশ অনুযায়ী, সঙ্গে রাখা যাবে না ঘড়ি (কোনও ধরনের), ক্যালকুলেটর, লগ টেবিল। তাছাড়া, মোবাইল ফোন বা কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেটের ওপরও জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা।
এর মধ্যে কোনও একটা জিনিসও কারও কাছে পাওয়া গেলে পরীক্ষার সুযোগ সঙ্গে সঙ্গেই বাতিল করা হবে।
কী সঙ্গে রাখা যাবে?
শুধু কিছু সীমিত সামগ্রী পরীক্ষার্থীদের অনুমোদিত। তা হল - স্বচ্ছ বোতলে ব্যক্তিগত পানীয় জল, নীল বা কালো কালির স্বচ্ছ কলম, প্রভিশনাল অ্যাডমিট কার্ড (কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে)। অবশ্যই সঙ্গে থাকতে হবে আসল পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার ইত্যাদি)। এসব কাগজপত্র স্বচ্ছ ফোল্ডারে রাখা যাবে।
পরীক্ষা শুরু হতে চলেছে দুপুর ১২টা থেকে, শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে। সকল পরীক্ষার্থীকে সকাল ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। গেট বন্ধ হয়ে যাবে বেলা ১১টা ৪৫ মিনিটের মধ্যে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনও সমস্যা এড়াতে পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।