সিবিআই সূত্রে জানা গিয়েছে, যে সব ধারায় চার্জ গঠন হয়েছে, তার মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র (ধারা ১২০-বি), প্রতারণা (৪২০), তথ্যপ্রমাণ লোপাট (২০১), জাল নথি তৈরি (৪৬৭, ৪৬৮) ও সেগুলি সজ্ঞানে ব্যবহার (৪৭১)।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 11 September 2025 16:36
দ্য ওয়াল ব্যুরো: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Corruption) অবশেষে চূড়ান্ত মোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari) এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী-সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। বৃহস্পতিবার বিচারক বিশ্বরূপ শেঠ এই চার্জ গঠন করেন (Charges Framed)। এবার শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বিচারপর্ব।
চার্জশিটে উঠে এসেছে রাজ্যের একাধিক প্রভাবশালী মুখ। শুধু রাজনৈতিক নেতা নয়, রয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা, নিয়োগ কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, এসএসসি আধিকারিক পর্ণা বসু-সহ আরও বহু গুরুত্বপূর্ণ নাম। মামলায় নাম রয়েছে নাইসা সংস্থার পঙ্কজ বনশল এবং নীলাদ্রি দাসেরও।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, যে সব ধারায় চার্জ গঠন হয়েছে, তার মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র (ধারা ১২০-বি), প্রতারণা (৪২০), তথ্যপ্রমাণ লোপাট (২০১), জাল নথি তৈরি (৪৬৭, ৪৬৮) ও সেগুলি সজ্ঞানে ব্যবহার (৪৭১)।
তদন্তকারী সংস্থার মতে, এসএসসি-র মাধ্যমে একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগে বিপুল অনিয়ম ও আর্থিক লেনদেন হয়েছে, যার কেন্দ্রে ছিলেন এই অভিযুক্তরা।
উল্লেখযোগ্যভাবে, এই মামলায় সিবিআইয়ের চার্জ গঠন এই প্রথম। আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে শুনানি। বিচারপ্রক্রিয়া শুরু হওয়ায় শিক্ষাক্ষেত্রের এই বড় কেলেঙ্কারিতে নতুন করে জোরদার হবে তদন্তের গতি—এমনটাই মত বিশেষজ্ঞদের।