বড় জমায়েতের সম্ভাবনা থাকায় সকাল থেকেই হাওড়া ময়দান চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 8 July 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকার ও এসএসসি-র ‘নিয়োগ অবহেলা’র বিরুদ্ধে ফের রাস্তায় নামলেন চাকরি থেকে বঞ্চিত প্রার্থীরা (SSC Deprived Job Seekers)। এবার তাঁদের লক্ষ্য নবান্ন(Nabanna Abhijan)। সোমবার রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তারই মধ্যে মঙ্গলবার সকালে হাওড়া ময়দানে শরৎ সদনের সামনে জমায়েত হতে শুরু করেছেন এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-র বহু চাকরিপ্রার্থী। তাঁদের স্পষ্ট ঘোষণা— “আর অপেক্ষা নয়, এবার নবান্ন ঘেরাও।”
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভকারীরা এসে পৌঁছেছেন হাওড়ায়। ট্রেন, বাস, ভ্যানে চেপে পৌঁছনো এসব চাকরিপ্রার্থীদের চোখে মুখে স্পষ্ট ক্ষোভ। অভিযোগ, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে সফল হওয়া সত্ত্বেও তাঁরা নিয়োগপত্র পাননি। আদালতের নির্দেশ থাকার পরেও কার্যকর কোনও পদক্ষেপ না হওয়ায় এবার তাঁরা সরাসরি প্রশাসনিক সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাতে উদ্যোগী হয়েছেন।
সূত্রের খবর, বড় জমায়েতের সম্ভাবনা থাকায় সকাল থেকেই হাওড়া ময়দান চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। যান চলাচলে যাতে সমস্যা না হয় এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়, সেই লক্ষ্যেই কড়া নজরদারি চালানো হচ্ছে। হাওড়া স্টেশন এবং আশপাশের এলাকায়ও বাড়ানো হয়েছে নজরদারি।
এসএসসি-র বিরুদ্ধে বঞ্চিত প্রার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। বহুবার রাজপথে আন্দোলন, ধর্ণা ও আইনি লড়াই চালিয়েছেন তাঁরা। তবু ফল মেলেনি বলে দাবি। এক আন্দোলনকারীর কথায়, “আমরা পাস করে বসে আছি বছর তিনেক। কিন্তু কোনও উত্তর নেই। আদালতের নির্দেশও মানছে না সরকার। এবার নবান্নের সামনে বসেই উত্তর চাইব।”
বিকেলের মধ্যেই আরও প্রার্থীদের হাওড়া ময়দানে পৌঁছনোর সম্ভাবনা। তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।