তাঁদের বক্তব্য, এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 13 June 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ-সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের বিপরীতে যোগ্য শিক্ষকদের তৈরি মঞ্চে আমরণ অনশনে বসেছেন ১০ জন চাকরিহারা শিক্ষক (SSC Deprived Teachers)। তাঁদের বক্তব্য, এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে।
এবার এই দাবি নিয়েই শুক্রবার দুপুরে বিধানসভায় পৌঁছে গেলেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চের এক প্রতিনিধি দল। পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছেন সঙ্গীতা সাহা, অর্পিতা সেনগুপ্ত, রাকেশ আলম, রূপা কর্মকার এবং স্মৃতি রায়।
সূত্রের খবর, স্পিকারের হস্তক্ষেপ চেয়ে আগেই আবেদন জানিয়েছিল মঞ্চ। সেই আবেদনে সাড়া দেন স্পিকার। তারপরই এদিন দুপুরে মঞ্চের তরফে পাঁচ প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে দেখা করতে পৌঁছন। স্পিকারের কাছে তাঁরা নিজেদের দাবির কথা জানান। সূত্রের খবর, স্পিকার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যালেনটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে মে মাসের শুরু থেকে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরিহারারা। এখনও সেই আন্দোলন চলছে।
এদিন স্পিকারের কাছে কী কী দাবি জানালেন চাকরিহারা শিক্ষকরা?
সূত্রের খবর, যে পাঁচ দফা দাবিতে অনশন চলছে সেই পাঁচ দফা দাবিই এদিন স্পিকারকে জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, যাঁরা 'যোগ্য' শিক্ষক এবং শিক্ষাকর্মী তাঁদের শংসাপত্র ও ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক। তবেই কোর্টের কাছে পরিষ্কার হবে, কারা অযোগ্য। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়া শেষ করতে হবে, তার আগে যেন কোনওভাবেই এই পরীক্ষার আবেদন শুরু করা না হয়। এবং নতুনদের জন্য স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনা করতে হবে। সূত্রের খবর, স্পিকার চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছেন, বিষয়টি আদালতের বিচারাধিন, তবে সরকারের তরফে আইন মেনে সব ধরনের সহযোগিতা করা হবে।