আদালতের এই নির্দেশ দেখার পর এখনও যাঁরা আবেদন করেননি, তাঁরা নতুন করে আদালতে মামলা করলে নথি যাচাই প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে।

কলকাতা হাইকোর্ট।
শেষ আপডেট: 13 June 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলিং, সংক্ষেপে এনআইওএস (NIOS) এর ডিএলইএডদের (Dled) ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) নথি যাচাই প্রক্রিয়ায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠেছিল মামলাটির শুনানি। এদিন ওই শুনানিতে আদালত জানিয়েছে, ৯ জুন থেকে ১৮ জুন পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের যে নথি যাচাই প্রক্রিয়া চলবে (Document Verification Process) তাতে সুযোগ দিতে হবে সমস্ত মামলাকারীদের।
এ ব্যাপারে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, আদালতের যা নির্দেশ তাতে তাই বোঝায়। এর আগে সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল এনওয়াইওএস ডিএলএডদের সুযোগ দিতে হবে ২০২২ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়। প্রাথমিক শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের নির্দেশ মানলেও শুধুমাত্র যারা শীর্ষ আদালতে মামলা করেছিল তাদেরকেই তালিকাভুক্ত করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর আজকে ফের হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ৩০০ প্রার্থীর নথি যাচাই করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।
প্রসঙ্গত, গত ৩০ মে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে ৯ জুন থেকে ১৮ জুনের মধ্যে নথি যাচাই প্রক্রিয়ার যে সময়সীমা দিয়েছে, সেটা বাড়ানোর জন্য সুপ্রিমকোর্টের কাছে আবেদন জানানো হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম।