পরীক্ষা ব্যবস্থায় যাতে কোনও খামতি না থাকে, সেই মতো ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে কমিশনের তরফে।

এসএসসি (আচার্য সদন)
শেষ আপডেট: 6 September 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি (SSC Exam) পরীক্ষার্থীদের যেন কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে জেলাশাসকদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (CS)। শনিবার বিকেল চারটে থেকে শুরু হওয়া বৈঠকে একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যসচিব। জানা গিয়েছে, এদিনের বৈঠকে কোনও জেলা থেকে কিছু অসুবিধা হচ্ছে নাকি, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নেন মুখ্যসচিব (Manoj Pant)। পাশাপাশি পরিবহণের ব্যাপারে কোনও পরীক্ষার্থীর (SSC Candidates) যেন কোনও সমস্যা না হয়, সেই বিষয়টার দিকেও নজর দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান (SSC) ও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, পরীক্ষা ব্যবস্থায় যাতে কোনও খামতি না থাকে, সেই মতো ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে কমিশনের তরফে। রোববার সকাল ৮টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সচল থাকবে এই রুম।
কমিশনের তরফে জানানো হয়েছে, কমিশনের দফতর ছাড়াও পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশনের অফিসেও কন্ট্রোল রুম খোলা থাকবে।

কোথায় যোগাযোগ করবেন?
স্কুল সার্ভিস কমিশন:
বস্তুত, রবিবার নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা অন্তত ৩ লাখ ১৯ হাজার। এই পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সতর্ক স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, শনিবার তা কড়া ভাবে জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
চেয়ারম্যান জানিয়েছেন, মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে। তার আগে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষাকেন্দ্রে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে। তখন শুধু নিজের নামটুকুই লিখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তর লেখা শুরু করা যাবে দুপুর ১২টা থেকে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় সকাল ১১টা ৪৫। আর যে ঘরে পরীক্ষা হবে, সেখানে প্রবেশের শেষ সময় বেলা ১২টা।
চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে। যার জন্য় বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া হলে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না। স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটরও নিয়ে যাওয়া যাবে না। জলের বোতল আনলে তা স্বচ্ছ হতে হবে। পেন-এর ক্ষেত্রেও তাই। তবে এসএসসি-ও পরীক্ষার্থীদের জন্য পেনের ব্যবস্থা রাখবে। অ্যাডমিট কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথি ফোল্ডারে নিয়ে গেলে, তা-ও স্বচ্ছ হতে হবে।
কমিশনের দাবি, প্রশ্নপত্রও সুরক্ষিত। যদি কেউ বেআইনি ভাবে কিছু করার চেষ্টা করেন, আধঘণ্টার মধ্যে তিনি ধরা পড়ে যাবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান। তাঁর কথায়, ‘‘৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী কাল পরীক্ষা দেবে। প্রতিটি প্রশ্নপত্রের জন্য থাকছে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার। অ্যাডমিট কার্ড স্ক্যান করারও ব্যবস্থা থাকবে। সব পরীক্ষাকেন্দ্রই স্পর্শকাতর আমাদের কাছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবেন না।’’
চেয়ারম্যান জানিয়েছেন, ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের প্রায় সকলেই আবার আবেদন করেছেন। গত বারের চেয়ে এ বার পরীক্ষার্থীর সংখ্যা অন্তত আড়াই লক্ষ বেশি।