সরকারি স্কুলের শিক্ষকরা যদি অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পান, তবে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকেরা কেন বঞ্চিত হবেন?

ফাইল ছবি।
শেষ আপডেট: 18 November 2025 12:25
দ্য ওয়াল ব্যুরো: অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বাতিল এবং নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিতে সোমবারের পর মঙ্গলবারও পথে নামলেন চাকরিপ্রার্থীরা (SSC Job Seekers)। আন্দোলনের দ্বিতীয় দিন ফ্রেশারদের পাশাপাশি যোগ দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। একইসঙ্গে অভিজ্ঞতার জন্য ধার্য ওই বাড়তি ১০ নম্বরকে ঘিরে কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়ের হল (Calcutta High Court)।
আবেদনকারীদের প্রশ্ন— “সরকারি স্কুলের শিক্ষকরা যদি অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পান, তবে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকেরা কেন বঞ্চিত হবেন?” আদালত ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে। ২৮ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে চাকরিপ্রার্থীদের আরও দাবি, নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশ না হলে নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছই থেকে যাবে। শূন্যপদ বৃদ্ধি নিয়েও এদিন সরব তাঁরা।
সোমবার প্রতিবাদকারীরা সরকারের উদ্দেশে ৩ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেও তার আগেই পরিস্থিতি ঘোরাল হয়। অভিযোগ, কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই পুলিশ শক্ত হাতে সরিয়ে দিতে যায় আন্দোলনকারীদের। বিকাশ ভবনের সামনে উত্তেজনা তখন চরমে পৌঁছয়।
চাকরিপ্রার্থীদের আরও অভিযোগ— ৬০-এর লিখিত পরীক্ষায় ফুল মার্কস পাওয়া অনেকেই নাকি ইন্টারভিউ কলই পাননি। তাঁদের দাবি, “ফুল মার্কস পেয়েও যদি ইন্টারভিউ তালিকায় নাম না থাকে, তবে নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্ন তো উঠবেই।” তাই অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া অতিরিক্ত ১০ নম্বর পুরোপুরি প্রত্যাহার করার দাবি জোরাল হয়েছে।
অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে শিক্ষাদফতরের বিবৃতি— যোগ্য নথি না থাকলে ভেরিফিকেশনেই বাদ পড়বেন প্রার্থীরা। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের পর শূন্যপদ আরও বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে।
সব মিলিয়ে বিকাশ ভবনের সামনে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে, আর নিয়োগপ্রার্থীদের দাবিও হয়ে উঠছে আরও তীব্র।