পুজোর আগে যেন দুঃস্বপ্নের প্রহর গুনছে গঙ্গা-পার!

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 September 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে যেন দুঃস্বপ্নের প্রহর গুনছে গঙ্গা-পার! মঙ্গলবার মুর্শিদাবাদের পর এবার গঙ্গার ভয়াল ভাঙন ধেয়ে এল হুগলির শ্রীরামপুরে।
নেহেরুনগর কলোনিতে গঙ্গার ধার ভেঙে পড়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গঙ্গার প্রবল স্রোতে একটি গুরুত্বপূর্ণ রাস্তায় বড়সড় ফাটল দেখা দিয়েছে। রাস্তার একাংশ বসে গিয়েছে গঙ্গার দিকে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে সম্পূর্ণ ধসে যেতে পারে সেই রাস্তা—তাহলেই গঙ্গার জল ঢুকে পড়বে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে।
সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ পর্যন্ত গঙ্গার ধারে ভাঙনের ইঙ্গিত মিলছিল আগেই। চলতি বছরের অতিবৃষ্টির ফলে সেই আশঙ্কা বাস্তব রূপ নিচ্ছে এখন। গঙ্গার ধার ধরে চাপ বাড়তে বাড়তেই তৈরি হয়েছে এই ভয়াবহ পরিস্থিতি।
নেহেরুনগরের বাসিন্দারা জানিয়েছেন, “এভাবে চলতে থাকলে অনেক বাড়িঘর, জমি, দোকান—সব কিছুই নদীগর্ভে চলে যাবে। সময় থাকতে ব্যবস্থা না নিলে সর্বনাশ আটকানো যাবে না।” প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে অবিলম্বে কার্যকরী পদক্ষেপের দাবি জানাচ্ছেন তাঁরা।
পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু বলেন, “আমরা যথেষ্ট চিন্তায় আছি। ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। ভাঙন রোধে কীভাবে দ্রুত কাজ শুরু করা যায়, সেই নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।”
শুধু নেহেরুনগর নয়—শ্রীরামপুর শহরের আরও একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে গঙ্গার একেবারে ধার ঘেঁষে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পুজোর আগে গঙ্গার এই রুদ্ররূপে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনেরও। এবার দেখার, কতটা দ্রুত কাজের কাজ হয়!