ইসকনে থাকা নতুন ভারতীয় নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বড় উদ্যোগ নির্বাচন কমিশনের। ৪ মার্চ মায়াপুরে বসছে বিশেষ ক্যাম্প।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 13 January 2026 23:33
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। ইসকনে (ISKCON) বসবাসকারী সেইসব বিদেশি নাগরিকদের কথা মাথায় রেখে, যাঁরা ইতিমধ্যেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন অথবা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাঁদের জন্য আলাদা করে বিশেষ ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আগামী ৪ মার্চ এই বিশেষ ক্যাম্প বসবে মায়াপুর ইসকন মন্দিরে। জানা গিয়েছে, এই ক্যাম্প মূলত তাঁদের জন্য, যাঁরা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বা সদ্য নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু এখনও চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে নয়, তার পরেই এই ক্যাম্প আয়োজন করা হবে। অর্থাৎ শুধুমাত্র সেইসব যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রেই এই সুযোগ প্রযোজ্য হবে, যাঁদের নাম চূড়ান্ত তালিকায় না থাকার বিষয়টি নিশ্চিত হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ইসকনের দুই সন্ন্যাসিনী নির্বাচন কমিশনের দফতরে এসে সিইও-র সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে একজন রাশিয়ার এবং অন্যজন ইউক্রেনের বাসিন্দা। যদিও তাঁরা দু’জনেই দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন এবং সম্প্রতি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁরা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। সিইও-র সঙ্গে বৈঠকের পর তাঁদের প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানা গেছে। এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে ইসকনে বসবাসকারী যোগ্য নতুন নাগরিকদের ভোটাধিকার সংক্রান্ত সমস্যা দ্রুত মেটানো সম্ভব হবে বলে মনে করছে কমিশন।