বিপুল উৎসাহ ও অংশগ্রহণে এই উৎসব পরিণত হয় এক প্রাণবন্ত সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায়। উৎসবের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী কমল আইচ।

ফাইল ছবি
শেষ আপডেট: 12 January 2026 23:32
দ্য ওয়াল ব্যুরো: মানুষ গড়ার মহান ব্রতকে সামনে রেখে নব মিতালি (Nabamitali) সব পেয়েছির আসর তার গৌরবময় ৭০ বছরে পদার্পণ উপলক্ষে চার দিনব্যাপী শিশু উৎসব ও বইমেলার (Child Festival and Bookfair) আয়োজন করে। চলতি বছর তা ৯ জানুয়ারি শুরু হয়ে শেষ হয়েছে সোমবার, ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে (Swami Vivekananda Birth Anniversary)।
বিপুল উৎসাহ ও অংশগ্রহণে এই উৎসব পরিণত হয় এক প্রাণবন্ত সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় (Milanmela)। উৎসবের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী কমল আইচ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা বিজ্ঞানী অধ্যাপক ড. শ্যামল চক্রবর্তী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক সম্মান প্রাপ্ত উৎপল মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধান শিক্ষক সনৎ মুখোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ কমিটির যুগ্ম সম্পাদক পীযূষ ধর।
প্রথম দিনে শিশুদের ক্রীড়া অভিপ্রদর্শনী, কারাটে প্রদর্শনী এবং গণনাট্য সংঘ, মধ্য কলকাতা শাখার সমবেত সংগীতানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতা। ওই দিনের প্রধান অতিথি ছিলেন ডা. মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, যিনি শিশুদের সৃজনশীল বিকাশে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
তৃতীয় দিনে সমাজমুখী কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা শিবির, পাশাপাশি মরণোত্তর দেহদান ও চক্ষুদান শিবির। উপস্থিত ছিলেন হাটখোলা মেডিক্যাল ব্যাঙ্কের কর্ণধার ডি আশিস। দুপুরে আবৃত্তি প্রতিযোগিতা এবং বিকেলে এক বর্ণাঢ্য লোকনৃত্য উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রদেশের লোকসংস্কৃতি ও নৃত্য পরিবেশিত হয়। এই দিনের প্রধান অতিথি ছিলেন সবপেয়েছির আসর মূলকেন্দ্রের মূলসত্যাসেবী জয়দেব বারুই ও রাজা মনীন্দ্র চন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বজিৎ দাস।

চতুর্থ ও অন্তিম দিনে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তোলে। বিকেলে অনুষ্ঠিত হয় যোগ প্রদর্শনী, আবৃত্তি ও নাটক। পাশাপাশি বিভিন্ন শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণে এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়, যার মঞ্চের আহ্বায়ক ছিলেন উদয়ন আহমেদ।
'মানুষ গড়ার সাথে, সাত দশকে, বন্ধু করো বইকে - এবার শিশু উৎসবে মেতে' - এই স্লোগানকে সামনে রেখে নবমিতালি সব পেয়েছির আসর আগামীদিনেও তাদের সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এই বৃহৎ কর্মসূচির সাফল্যে সকল বয়সের মানুষের সহযোগিতা ছিল অনস্বীকার্য। সংগঠনের এই প্রাণের উৎসবে আনন্দে মেতে ওঠে সমগ্র স্থানীয় জনসমাজ।