আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
.png.webp)
আবহাওয়া
শেষ আপডেট: 24 October 2025 11:51
দ্য ওয়াল ব্যুরো: একটি নিম্নচাপ দুর্বল হয়ে যাওয়ার পরপরই বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই নতুন নিম্নচাপটি তৈরি হতে চলেছে। এটি এ বছর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ৪৭তম নিম্নচাপ হবে।
আন্দামান সাগরে তৈরি হওয়া পূর্বের ঘূর্ণাবর্তটি একসময় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও, দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করার আগেই সেটি দুর্বল হতে শুরু করে। আবহাওয়াবিদদের ধারণা ছিল, এই নিম্নচাপটি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমানা বরাবর প্রবেশ করবে।
বাস্তবে তা না হয়ে, গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। মনে করা হচ্ছে, শনিবারের মধ্যে এই সিস্টেমটি কর্ণাটকের উপর দিয়ে এগিয়ে আরব সাগরে পৌঁছে যাবে।
এই পরিস্থিতিতে দক্ষিণ আন্দামান সাগরের উপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবারের মধ্যেই এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপে পরিণত হতে চলেছে।
পরের ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ শনিবার বিকেলের মধ্যেই এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নতুন নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে ভারতের দক্ষিণ উপকূলের পূর্ব দিক বরাবর এগোতে শুরু করবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপটিও বাংলার আবহাওয়ার উপর বড় কোনও প্রভাব ফেলবে না। তবে, এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব ক'টা জেলায় শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।