
শেষ আপডেট: 26 January 2024 18:53
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: এক সময়ে তিনি সেচ মন্ত্রী ছিলেন। তাঁর এক ডাকে ডিএম, এসপি ছুটে আসতেন। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকেও অব্যহতি পেয়েছেন। এখন তিনি শুধুই একজন বিধায়ক। মেলার উদ্বোধন করতে এসে ডিএম, এসপিকে না দেখতে পেয়ে অভিমানের সুর শোনা গেল প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর গলায়।
সম্প্রতি পাঁশকুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি মেলার উদ্বোধন করতে এসেছিলেন সৌমেনবাবু। সেখানে বক্তব্য পেশ করতে গিয়ে একরাশ অভিমান উগরে দিলেন। তিনি বলেন, '' পদের বড় মোহ। আমি যদি পদে থাকতাম, তাহলে দেখতেন, জেলার ডিএম, এসপি থেকে শুরু করে এখানকার চেয়ারম্যান তাঁরাই মঞ্চ হরণ করতেন। কিন্তু আজকে আমি কাউকে দেখিনি।''
তাঁর কথায়, ''আজ হয়তো আমার পদ নেই, তবু আমার কোনও দুঃখ নেই, আমার কোনও আক্ষেপ নেই। কারও বিরুদ্ধে কিছু বলি না। দেখবেন, একেকটা শক্তি ক্ষয় হলে তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, আমি সেটা চাই না।''
প্রাক্তন মন্ত্রীর এই বক্তব্যের পরই জোর চর্চা শুরু হয়েছে। অনেকে বলছেন, লোকসভার আগে কি সৌমেনবাবুর রাজনৈতিক পরিবর্তন ঘটতে চলেছে? তবে বিরোধীরা প্রাক্তন মন্ত্রীর এই ধরনের কথাকে কটাক্ষ করতে ছাড়েনি। তারা বলছেন, ''তৃণমূলের একটাই পোস্ট আর সব ল্যাম্পপোস্ট আমরা আগেই বলে আসছি। আর সৌমেনবাবুর এই ধরনের মন্তব্য তা প্রমাণ করে।''