
শেষ আপডেট: 19 September 2023 13:39
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই মোদী সরকার মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) পেশ করতে পারে সংসদে। মঙ্গলবার একটু আগে নতুন সংসদ ভবনে প্রথম দিনের অধিবেশন শুরু হয়েছে। পুরনো ভবন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সাংসদরা হেঁটে নতুন ভবনে প্রবেশ করেন।
সোমবার রাত থেকেই কংগ্রেস সহ একাধিক দল এই বিল নিয়ে কৃতিত্ব দাবি করতে থাকে। মঙ্গলবার সকালে স্বয়ং সনিয়া গাঁধী এই ব্যাপারে দলের কৃতিত্ব দাবি করেন। সংসদে ঢোকার মুখে মহিলা বিল সম্পর্কে বলেন, 'ইয়ে আপনা হ্যায়।' অর্থাৎ এটা আমাদের।
বস্তুত সংসদে, বিধানসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যাপারে প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন পরই উদ্যোগী হয়েছিলেন প্রয়াত রাজীব গান্ধী। রাজীবের পর কংগ্রেসের আরও দুই প্রধানমন্ত্রী নরসিংহ রাও এবং মনমোহন সিংহও এই বিল পাশ করাতে উদ্যোগী হন। ব্যক্তিগত এবং দলগতভাবে উদ্যোগ নেন সনিয়াও (Sonia Gandhi)। তিনি এবং রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি থাকাকালে একাধিকবার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে মহিলা বিল পাশ করাতে উদ্যোগী হতে বলেন।
এখন মোদী সরকার বিলটি পাশ করিয়ে রাজনৈতিক কৃতিত্ব দাবি করতে পারে বুঝেই কংগ্রেসও আগেভাগে পাল্টা প্রচার শুরু করেছে। দলের সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু করা হয়েছে। থেমে নেই বিজেপি সহ বাকি দলগুলিও। সনিয়ার দুই শব্দের প্রতিক্রিয়া ছড়িয়ে দিয়েছে কংগ্রেস।
আরও পড়ুন: পুরনো সংসদ ভবনের নাম 'সংবিধান সদন' দিলেন মোদী! নতুন ভবন হল 'পার্লামেন্ট অফ ইন্ডিয়া'