
শেষ আপডেট: 5 July 2022 11:42
দ্য ওয়াল ব্যুরো: ইসলামের নবী মহম্মদ সম্পর্কে (Prophet Debate) আপত্তিজনক মন্তব্যের জন্য নূপুর শর্মাকে (Nupur Sharma) প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। তারপর কেটে গিয়েছে চারদিন। আদালতের পরামর্শ নিয়ে রা কাড়েননি নূপুর।
তবে চারদিনের মাথায় তাঁর হয়ে ময়দানে নিমেছেন দেশের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলা। সেই তালিকায় আছেন বেশ কয়েকটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিও।
বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণকে দুর্ভাগ্যজনক এবং ন্যায় বিচারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন তাঁরা। এক বিবৃতিতে অবসরপ্রাপ্ত ওই বিচারপতি ও আমলারা সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ সম্পর্কে বলেছেন, নূপুর সম্পর্কে আদালতের মন্তব্য বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন ও দুর্ভাগ্যজনক। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিচার ব্যবস্থায় অমার্জনীয় ত্রুটি।
বিচারপতির ওই পর্যবেক্ষণের সংশোধন চান অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলারা। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, ১৫ জন প্রাক্তন বিচারপতি এবং ৭৭ জন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার।
তাঁদের মতে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ বিচারালয়ের আদেশের অংশ হতে পারে না। এতে ন্যায় বিচার পাওয়ার অধিকার খর্ব হয়েছে।
প্রসঙ্গত, নূপুর শর্মার পক্ষে তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করে দেশের নানা প্রান্তে তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলির শুনানি দিল্লির আদালতে শুনানির আর্জি জানান। সুপ্রিম কোর্টের সেই আর্জি খারিজ করে দিয়ে উদয়পুরে ধর্মান্ধর হাতে দর্জি খুন সহ দেশের নানা প্রান্তে হওয়া হিংসার ঘটনার জন্য নূপুরকে কাঠগড়ায় তোলে। মামলা স্থানান্তরের আর্জিও খারিজ করে দেয় বেঞ্চ।
প্রাক্তন বিচারপতি ও আমলাদের বক্তব্য, ডিভিশন বেঞ্চের অবস্থান ন্যায় বিচার পাওয়ার অধিকার লঙ্ঘনের শামিল।
আদালতের পর্যবেক্ষণের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, 'আমর বিশ্বাস করি, যতদিন সব প্রতিষ্ঠান সংবিধান অনুযায়ী তাদের কর্তব্য পালন করবে ততদিন দেশের গণতন্ত্র অটুট থাকবে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির সাম্প্রতিক মন্তব্য লক্ষ্মণ রেখাকে ছাড়িয়ে গেছে। সেই কারণেই এই বিবৃতি।
বিবৃতিতে সই করেছেন, বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ক্ষিতি ব্যাস, গুজরাত হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সিএম গৌরী, রাজস্থানের আরএস রাঠোর প্রমুখ। এছাড়া আছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসারেরাও।
সুপ্রিম কোর্ট বলার পরও ক্ষমা চাওয়া নিয়ে নিরুত্তর নূপুর, কী বলছেন রাজনীতিক ও বিদ্বজ্জনেরা