দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার চ্যাটার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে দেখা করেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Channi)। 'প্রাইভেট জেট'-এ চড়ে দিল্লি যাওয়ায় বিরোধীরা নতুন মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন। বুধবার সেই সমালোচনার জবাবে চান্নি বলেন, "গরিবের ছেলে জেট বিমানে চড়লে ক্ষতি কী?" সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, করদাতাদের টাকায় কি ওই বিমান ভাড়া করা হয়েছিল? মুখ্যমন্ত্রী কোনও জবাব দেননি।
মঙ্গলবার পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিং সিধু সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলে বিতর্ক শুরু হয়। ছবিতে দেখা যায়, একটি ছোট বিমানের সামনে দাঁড়িয়ে আছেন চান্নি, সিধু ও দুই উপমুখ্যমন্ত্রী। অকালি দল সমালোচনা করে বলে, মাত্র ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য কংগ্রেস প্রাইভেট জেট ভাড়া করেছে। আপ মন্তব্য করে, কংগ্রেস এখনও রাজকীয় চালচলন ছাড়তে পারেনি।
অকালি দল টুইট করে বলে, "কংগ্রেস দাবি করে, তারা সাধারণ মানুষের দল। কিন্তু কংগ্রেস নেতারা চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার জন্য প্রাইভেট জেট ভাড়া করেছেন। তাঁরা কি সাধারণ বিমানে বা গাড়িতে যেতে পারতেন না?" আপ নেতা হরপাল সিং চিমা বলেন, "নিজেকে সাধারণ মানুষ বলে দাবি করলেই হয় না। কোনও ব্যক্তির কাজেই প্রমাণিত হয় সে সাধারণ মানুষ কিনা।" প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল বলেন, "গরিবের সরকারই বটে! চারজনকে দিল্লি পৌঁছে দেওয়ার জন্য ভাড়া করা হয়েছে ১৬ সিটের জেট প্লেন।"
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমরিন্দর সিং বলেন, আগামী বছরে পাঞ্জাবে ভোটে জিতে সিধু মুখ্যমন্ত্রী হোন, তা তিনি চান না। সেজন্য তিনি সিধুর বিরুদ্ধে শক্ত প্রার্থী দেবেন। সিধুকে আটকাতে তিনি যে কোনও ত্যাগ স্বীকারেই রাজি আছেন।
পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তিন সপ্তাহ আগেই তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী তাঁকে কাজ চালিয়ে যেতে বলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা সম্পর্কে তিনি বলেন, তাদের বুদ্ধি অপরিণত। দু'জনকেই ভুল বোঝানো হয়েছে।
সম্প্রতি পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস বিধায়ক ক্যাপটেন অমরিন্দর সিং-এর বিরুদ্ধে চলে গিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু অভিযোগ করেছিলেন, কৃষকদের থেকে বিদ্যুতের বেশি দাম নিচ্ছে পাঞ্জাব সরকার। এছাড়া ধর্মের অবমাননার মামলাতেও যথাযথ ব্যবস্থা নিতে পারেননি ক্যাপটেন। শনিবার পদত্যাগ করার আগে সনিয়াকে একটি চিঠি লেখেন অমরিন্দর। তাতে প্রতিটি অভিযোগেরই জবাব দিয়েছেন বর্ষীয়ান নেতা।