দ্য ওয়াল ব্যুরো: দফায় দফায় গুলিযুদ্ধ। তাতেই খতম হলো প্রতাপগড়র কুখ্যাত ডন তৌকির হাফিজ। যার মাথার দাম এক লক্ষ টাকা রেখেছিল উত্তরপ্রদেশ সরকার।
খুন, অপহরণ, তোলাবাজি, পাচার-সহ তৌকিরের বিরুদ্ধে পুলিশের খাতায় অভিযোগ ছিল ভূরি ভূরি। এক বছরেরও বেশি গা ঢাকা দিয়েছিল তৌকির। ভোট শুরুর আগে থেকেই তাকে খুঁজছিল পুলিশ। তৌকিরকে ধরতে হন্যে হয়ে অভিযান চালাচ্ছিল স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার তৌকির ও তার দলবলের সঙ্গে দফায় দফায় গুলি বিনিময় হয় পুলিশের। তাতেই খতম হয় প্রতাপগড়ের এই মাফিয়া ডন। নিকেশ হয় তার দলের বেশ কিছু সদস্যও।
সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর থেকে রাত পর্যন্ত, প্রতাপগড়, কানপুর, বারাবাঁকি ও আজমগড়ে মোট ছ’টি এনকাউন্টার চালায় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশের গুলি থেকে বাঁচতে বারে বারেই এলাকা বদল করছিল তৌকির। শেষে তাকে পাকড়াও করে পুলিশ।
[caption id="attachment_112080" align="aligncenter" width="720"]

তৌকির হাফিজ[/caption]
বছর আঠাশের এই ডনের বিরুদ্ধে এই মুহূর্তে খুন, খুনের চেষ্টা, তোলাবাজি-সহ ১২টি মামলা চলছে। হোয়াটস্অ্যাপ কলের মাধ্যমে মানুষজনকে প্রতারণা করত তৌকির। এলাকার ডাক্তার, ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায়, তোলাবাজিতেও হাত পাকিয়েছিল সে। গত বছর ব্যাঙ্ক অব বরোদায় ডাকাতির ঘটনার পিছনেও ছিল তৌকিরের মাথা। চলতি বছর প্রতাপগড়ের দুই ব্যবসায়ী অশোক কুমার ও রাজেশ সিংকে খুনের অভিযোগ ওঠে তৌকিরের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, একাধিক বার পাকড়াও করা হয়েছিল তাকে। তবে জামিনে মুক্তি পেয়ে যায়। গত বছর ডিসেম্বরে জেলের ওয়ার্ডেন হরি নারায়ণ ত্রিবেদীকে খুন করে পালায় তৌকির। এসটিএফ আইজি অমিতাঙ যশ জানিয়েছেন, তৌকিরের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার গোপন আস্তানাগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।