প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রোজ বাজার এলাকায় আড্ডা মারতেন ওই নেতা। সোমবারও সেখানে গেছিলেন। বাড়ি ফেরার পথেই তাঁকে গুলি করা হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 August 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে ফের রাজ্যে খুন হয়েছেন এক তৃণমূল নেতা (TMC Leader Death)। বাঁকুড়ার (Bankura) সোনামুখীতে গুলি করে খুন করা হয় তাঁকে। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Clash) রয়েছে বলেই প্রাথমিক অনুমান ছিল। আর এরই মধ্যে নিহতের বোন যে অভিযোগ করেছেন, তা বিস্ফোরক।
সোনামুখীতে কী কারণে খুন তৃণমূল নেতা? বিস্ফোরক অভিযোগ করে নিহত তৃণমূল নেতার বোন বলেছেন, রাজ্য সরকারের পাঠানো টাকা আসার আগে এলাকার রাশ কার হাতে থাকবে, সেই নিয়ে বিবাদের জেরেই খুন হতে হয়েছে তাঁর দাদাকে!
তিনি জানিয়েছেন, সরকারের নতুন প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান'-এর জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে রাজ্য সরকার। সেই টাকা হাতে আসার আগেই এলাকার দখলদারি নিয়ে বচসা হয়েছিল দাদা এবং অন্যান্যদের মধ্যে। সেই বিবাদের জেরেই খুন হতে হয়েছে তাঁকে বলে নিহত তৃণমূল নেতার বোনের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই পরিচিত ছিলেন এই যুবক। দলের বুথ সভাপতি পদের দায়িত্ব ছিল তাঁর ওপর। ইতিমধ্যে দুজন আটক হয়েছেন এই ঘটনায়। তাঁরা তৃণমূল করেন বলেই দাবি।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রোজ বাজার এলাকায় আড্ডা মারতেন ওই নেতা। সোমবারও সেখানে গেছিলেন। বাড়ি ফেরার পথেই তাঁকে গুলি করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, বাজার এলাকা থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গাতে বাইকে করে কয়েকজন ঘিরে ধরেছিল তাঁকে। মাথা লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থাতেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।