রাজ্যের সিইও দফতর ইতিমধ্যেই সব জেলার ডিএমদের (District Magistrate) নির্দেশ দিয়েছে ফর্ম বিলিতে কেন গড়ের নীচে কর্মদক্ষতা দেখা যাচ্ছে, তা খতিয়ে দেখতে।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 10 November 2025 20:27
রাজ্যে ভোটার তালিকায় (Voter List) বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলছে। সেজন্য বিভিন্ন বিধানসভায় বিএলও-রা এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেছেন। তবে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে খবর, এরই মধ্যে রাজ্যজুড়ে এনুমারেশন ফর্ম () বিলির ক্ষেত্রে বড় রকমের অসঙ্গতি দেখা যাচ্ছে। রাজ্যের জেলাগুলিতে গড়ে ফর্ম বিলি হয়েছে ৭১.৮৮% হারে। অর্থাৎ ১০০ জন ভোটার থাকলে প্রায় ৭২জন ফর্ম পেয়ে গেছেন। কিন্তু ১৩৮টি বিধানসভায় ফর্ম বিলির হার এই গড়ের নীচে।
সবচেয়ে পিছিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই সবচেয়ে বেশি বিধানসভায় রাজ্যের গড়ের তুলনায় অনেক কম হারে SIR ফর্ম বিলি হয়েছে। এই জেলার বেশ কিছু বিধানসভা তথা টালিগঞ্জ, মহেশতলা, সোনারপুর (উত্তর ও দক্ষিণ), বেহালা পূর্ব–পশ্চিম, কাসবা, বারুইপুরে ফর্ম বিলির হার ৩৩% থেকে ৫৭%-এর মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ রাজ্যের গড় ৭১.৮৮%-এর থেকে অনেকটাই কম।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা এলাকায় SIR ফর্ম বিলি রাজ্যের গড়ের থেকেও বেশি বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সূত্র।
সীমান্তবর্তী জেলাগুলিতে উদ্বেগজনক চিত্র
কমিশনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের সীমান্তবর্তী বেশ কিছু জেলায় SIR ফর্ম বিলির হার আশানুরূপ নয়। যেমন, আলিপুরদুয়ারের প্রায় সবকটি বিধানসভা রাজ্যের গড়ের নীচে।
আলিপুরদুয়ার – 36.96%
কুমারগ্রাম – 53.91%
ফালাকাটা – 54.19%
মাদারিহাট – 65.54%
কালচিনি – 66.50%
উত্তর দিনাজপুর
রাজগঞ্জ – 47.69%,
কালিয়াগঞ্জ – 50.24%,
ইটাহার, চোপড়া, ইসলামপুর—সব ক্ষেত্রেই ফর্ম বিলির হার রাজ্যের গড়ের নীচে।
সীমান্তবর্তী জেলার মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দক্ষিণ দিনাজপুরের। তপন বিধানসভায় মাত্র 29.42% শতাংশ ভোটার ফর্ম পেয়েছেন। অন্য সব বিধানসভাতেও এই হার ৫১–৫৮% এর মধ্যে রয়েছে।
মালদহের পরিস্থিতি তুলনামূলকভাবে কিছুটা ভাল, তবে সব আসনেই ফর্ম বিলির হার রাজ্যের গড়ের নীচে। গড় বিলি হার ৫৫%–৬৭% এর মধ্যে রয়েছে। মুর্শিদাবাদ প্রায় সব বিধানসভায় ফর্ম বিলি হয়েছে ৫০–৬৭%। সীমান্ত জেলা হিসেবে পারফরম্যান্স মাঝারি।
নদিয়া ও উত্তর ২৪ পরগনার বহু সীমান্তবর্তী বিধানসভা যেমন বাগদা, বনগাঁ, স্বরূপনগর, শান্তিপুর, রানাঘাট পূর্ব বিধানসভায় এনুমারেশন ফর্ম বিলির হার ৪৫% থেকে ৭০%-এর মধ্যে রয়েছে।
রাজ্যের সিইও দফতর ইতিমধ্যেই সব জেলার ডিএমদের (District Magistrate) নির্দেশ দিয়েছে ফর্ম বিলিতে কেন গড়ের নীচে কর্মদক্ষতা দেখা যাচ্ছে, তা খতিয়ে দেখতে। বিএলও (BLO)রা কেন পিছিয়ে পড়েছেন, তা জানার চেষ্টা চলছে। কমিশনের নির্দেশ, সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করতে হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছিল এনুমারেশন ফর্ম বিলি। কমিশন সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবার সন্ধে ৬টা পর্যন্ত মোট ৫ কোটি ৮৫ লক্ষ ফর্ম দেওয়া হয়েছে।