৭ কোটি ৮ লক্ষের ভাগ্য নির্ধারণ আজ! SIR তালিকায় 'Deleted' চিহ্ন থাকলে আপনার করণীয় কী?

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 28 February 2026 08:17
দ্য ওয়াল ব্যুরো: ২৮ ফেব্রুয়ারি, শনিবার, অর্থাৎ আজই রাজ্যে প্রকাশিত হচ্ছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Voter List)। কমিশন সূত্রের খবর, এবার তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ নাম থাকতে পারে। তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। সবার মনেই এক প্রশ্ন—নিজের নাম থাকবে তো? আর যদি না থাকে, তাহলে কী করতে হবে?
নির্বাচন কমিশনের ওয়েবসাইট (eci.gov.in) কিংবা ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, শনিবার দুপুর ২টোর মধ্যে তালিকাটি অনলাইনে আপলোড করা হবে। এরপর ভোটাররা নিজেদের এপিক নম্বর (EPIC Number) ব্যবহার করে তালিকায় নাম রয়েছে কি না তা যাচাই করতে পারবেন।
শুধু অনলাইনেই নয়, অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। সিইও অফিস থেকে ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে পেনড্রাইভে করে তালিকা তুলে দেওয়া হবে। পাশাপাশি জেলা নির্বাচন আধিকারিক (DEO) দফতর থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে তালিকার দু’টি করে হার্ড কপি দেওয়া হবে।
সাধারণ মানুষও চাইলে নির্দিষ্ট দফতরে গিয়ে তালিকা দেখতে পারবেন। DEO অফিস, SDO অফিস এবং BDO অফিসে চূড়ান্ত ভোটার তালিকার হার্ড কপি রাখা থাকবে।
চূড়ান্ত তালিকার বিন্যাস সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন সিইও মনোজকুমার আগরওয়াল। তাঁর কথায়, যাঁদের নাম ‘অ্যাডজুডিকেশন’-এর অধীনে রয়েছে, তাঁদের নামের উপরে বিশেষ চিহ্ন থাকবে। আর যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের নামের উপরে স্পষ্টভাবে ‘deleted’ লেখা থাকবে।
যদি নাম না থাকে, সেক্ষেত্রে কী করবেন?
চূড়ান্ত SIR তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পদক্ষেপ নেওয়া জরুরি। তালিকা প্রকাশের পর ১৫ দিনের মধ্যে জেলা নির্বাচন আধিকারিক (DEO)-এর কাছে আবেদন জানানো যাবে। সেখানে সমস্যার সমাধান না হলে বিষয়টি মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতরে নিয়ে যেতে হবে।
তবুও যদি আবেদন গ্রহণ না করা হয়, সে ক্ষেত্রে ফর্ম ৬ ডাউনলোড করে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার আবেদন করা যাবে। তবে মনে রাখতে হবে, মনোনয়ন জমার শেষ দিনের অন্তত ১০ দিন আগে ফর্ম ৬ জমা দিতে হবে।