নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্যের মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৮ হাজার ২৮৮ জন ভোটারের মধ্যে ৭ কোটি ৫১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জনের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এনুমারেশন ফর্ম— প্রায় ৯৮ শতাংশ।
_1.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 November 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: এসআইআরের (SIR) কাজ কতদূর এগিয়েছে, ভোটার তালিকা (Voter List) কতটা স্বচ্ছ— তা খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশনের (ECI) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল (Election Commission, Delegation) মঙ্গলবার কলকাতায় পা রাখল। দলে রয়েছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রধান সচিব এস. বি. জোশি, প্রধান সচিব মলয় মল্লিক এবং উপসচিব অভিনব আগরওয়াল।
সূত্রের খবর, কলকাতায় পৌঁছেই শুরু বৈঠকের পর্ব। প্রথম দফায় কলকাতা উত্তর ও দক্ষিণের DEO এবং ERO–দের সঙ্গে দীর্ঘ বৈঠক। পরে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার নির্বাচন আধিকারিকদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করতে চলেছেন কমিশনের কর্তারা। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সিইও দফতরের অন্যান্য আধিকারিকেরা।
নির্বাচন কমিশনের মূল লক্ষ্য— এসআইআর (SIR) প্রক্রিয়া খতিয়ে দেখা এবং ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করা। আগামী ২১ নভেম্বর নির্ধারিত এফএলসি (FLC) কর্মশালাতেও অংশ নেবেন তাঁরা। সেই কর্মশালায় হাজির থাকবেন সব জেলা নির্বাচন আধিকারিক, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কমিশনের উচ্চপদস্থ কর্তারা।
নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্যের মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৮ হাজার ২৮৮ জন ভোটারের মধ্যে ৭ কোটি ৫১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জনের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এনুমারেশন ফর্ম— প্রায় ৯৮ শতাংশ। বৃহৎ রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের উপরে আছে শুধু মধ্যপ্রদেশ। র্যাঙ্কিংয়ে এরপর রাজস্থান, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও কেরল। আর গোয়া ও লক্ষদ্বীপে ১০০ শতাংশ ফর্ম বিলির কাজ শেষ।
সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে স্বচ্ছতা ও ত্রুটি মুক্তের ওপর আরও কড়া নজর রাখছে নির্বাচন কমিশন— আর তারই অংশ হিসাবে রাজ্যে শুরু হয়েছে উচ্চপর্যায়ের লাগাতার তদারকি।