সব জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়টি তাঁদের অধীনস্ত সমস্ত ইআরও এবং এএআরও-দের জানিয়ে দিতে, যাতে এসআইআর প্রক্রিয়ায় কোনও বিভ্রান্তি না থাকে।

সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 8 February 2026 17:53
দ্য ওয়াল ব্যুরো: স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট (Permanent Resident Certificate) কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) চিঠি পাঠাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO)।
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, এসআইআর–২০২৬-এর আওতায় স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য নথি হিসেবেই বিবেচিত হবে। তবে তার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানা বাধ্যতামূলক।
চিঠিতে স্পষ্ট করা হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া এসআইআর নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র একটি বৈধ যোগ্যতা নথি। তবে পশ্চিমবঙ্গে এই ধরনের শংসাপত্র কেবলমাত্র রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২ নভেম্বরের নির্দেশ অনুসারে ইস্যু হওয়াটাই গ্রহণযোগ্য হবে।

<a href="https://www.thewall.in/west-bengal/sir-election-commission-has-recognized-the-domicile-certificate-as-a-valid-document/tid/186329">রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২ নভেম্বরের</a> নির্দেশ
কমিশন জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ অনুযায়ী ইআরও এবং এএআরও-রাই এই ক্ষেত্রে চূড়ান্ত কর্তৃপক্ষ। তাঁরা শুধুমাত্র সেই সব স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণ করবেন, যেগুলি জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক অথবা কলকাতার ক্ষেত্রে কালেক্টর দ্বারা ইস্যু করা হয়েছে। এবং যা রাজ্য সরকারের ১৯৯৯ সালের নির্দেশিকা মেনেই দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ওই নির্দেশিকা মূলত প্রতিরক্ষা এবং আধাসামরিক বাহিনীতে নিয়োগের জন্য অ-বাঙালি প্রার্থীদের স্থায়ী বাসিন্দা শংসাপত্র দেওয়ার প্রসঙ্গে জারি হয়েছিল। সেই নির্দেশিকা মেনেই ইস্যু হওয়া নথিই এসআইআরের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে।
সব জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়টি তাঁদের অধীনস্ত সমস্ত ইআরও এবং এএআরও-দের জানিয়ে দিতে, যাতে এসআইআর প্রক্রিয়ায় কোনও বিভ্রান্তি না থাকে। ভোটার তালিকা সংশোধন ঘিরে চলা বিতর্কের আবহে এই চিঠিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহল।
বস্তুত, শনিবারই ডোমিসাইল সার্টিফিকেটকে (Permanent Resident Certificate) ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে (Special Intensive Revision—SIR) বৈধ নথি হিসেবে মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে (CEO Manoj Agarwal) চিঠিও পাঠায় তারা।
শনিবার পাঠানো ওই চিঠিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া এসআইআর (SIR West Bengal) সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ যোগ্যতার নথির অন্তর্ভুক্ত। তবে সেই শংসাপত্র অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম মেনে এবং নির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু হতে হবে।