তবে বিরোধীরা এই উদ্যোগকে ভোটের আগে ‘চোখে ধুলো’ বলেই দেখছে।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 11 August 2025 16:37
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষা ও বাঙালি চেতনার পক্ষে ফের দৃঢ় বার্তা শিলিগুড়ি পুরনিগমের (Siliguri Municipality)। মেয়র গৌতম দেব জানিয়ে দিলেন, শিলিগুড়ি ও নকশালবাড়ির প্রতিটি দোকানপাটে বাংলায় সাইনবোর্ড লাগানো বাধ্যতামূলক (Signboards in Bengali)।
সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি, এই কাজ করতে হবে আসন্ন মহালয়ার মধ্যেই। মেয়র নিজেও সেই পথে হাঁটলেন। এতদিন তাঁর বাড়ির নেমপ্লেটে ইংরেজিতে লেখা ছিল "Goutam Deb, Advocate"। এবার তার পাশে ঝুলল বাংলায় লেখা নতুন নামফলক, "গৌতম দেব"।
পুরনিগমের এই উদ্যোগ যে শুধুমাত্র প্রশাসনিক নির্দেশ নয়, বরং এক সাংস্কৃতিক দায়বদ্ধতা, তা স্পষ্ট করেই জানিয়ে দিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তাঁর কথায়, “শুরু থেকেই পুরনিগমে বাংলার প্রতি শ্রদ্ধা দেখানো হয়েছে। অফিসের চেম্বার, নথি, সাইনবোর্ডে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এবার দোকানগুলোতেও সেই নিয়ম কার্যকর হচ্ছে।”
পুরনিগম সূত্রে খবর, মহালয়ার মধ্যে যদি কোনও দোকানে বাংলায় সাইনবোর্ড না থাকে, তবে নেওয়া হতে পারে প্রশাসনিক ব্যবস্থা (Administrative Action)। ইতিমধ্যেই নকশালবাড়িতেও জারি হয়েছে অনুরূপ নির্দেশ।
এই সিদ্ধান্তকে ঘিরে রাজনীতিও জমেছে। তৃণমূল দাবি করছে, এ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলার ভাষা, সংস্কৃতি ও গর্ব সুরক্ষিত। মুখ্যমন্ত্রীর জেলাজুড়ে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মেয়রের এই পদক্ষেপ ‘প্রত্যাশিত’ বলেই মনে করছে শাসকদল।
তবে বিরোধীরা এই উদ্যোগকে ভোটের আগে ‘চোখে ধুলো’ বলেই দেখছে। বিজেপির জেলা নেতা নান্টু পাল বলেন, “বাংলা ভাষায় নামফলক ভাল উদ্যোগ। কিন্তু প্রশ্ন হল, এই ভালবাসা ভোটের সময়ই কেন জাগে? আজ আমি কুম্ভকার পাড়ায় ঘুরে দেখলাম, শিল্পীদের কী দুর্দশা। বাঙালির প্রকৃত উন্নয়নে সরকার কি আদৌ কিছু করছে?”
যদিও পুরনিগম সূত্রে খবর, ভাষার পাশাপাশি প্রশাসনিক স্তরে বাংলার ব্যবহার আরও বাড়াতে উদ্যোগী হচ্ছে শিলিগুড়ি পুরসভা।শিলিগুড়ির রাস্তায় তাই এবার শিগগিরই দেখা যাবে বাংলায় লেখা দোকানের সাইনবোর্ড। মেয়রের নির্দেশ স্পষ্ট, বাংলা ভাষাকে প্রাধান্য দিয়েই শহরের পরিচয় গড়ে উঠবে।