পুলিশ জানিয়েছে, গুলির কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 August 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ফের চলল গুলি (Shootout)। এবার ফের ঘটনাস্থল মালদহ (Maldah)। মোথাবাড়ি থানার অন্তর্গত লাহারদিটোলায় সোমবার রাতে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম এক দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বর্তমানে তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
জখম ওই দ্বাদশ শ্রেণির পড়ুয়ার নাম আবদুল শাহিদ (১৯), সে বাঙ্গীটোলা হাইস্কুলের ছাত্র। পরিবার সূত্রে খবর, সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিল আবদুল। কিছুক্ষণ পর স্থানীয়রা ফোনে খবর দেয়, তাকে গুলি করা হয়েছে।
ভাইয়ের বুকের বাঁ দিকে গুলি লেগেছে বলে জানান দাদা আদির জালানি। পরিবারের দাবি, কারা কেন গুলি চালাল তা তারা কিছুই বুঝে উঠতে পারছেন না।
ঘটনাস্থল থেকে একটি মোটরবাইক উদ্ধার হয়েছে, যা স্থানীয়রা নিজেদের হেফাজতে রেখেছেন। পুলিশ জানিয়েছে, গুলির কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
প্রসঙ্গত, গত কয়েক মাসে মালদায় রাজনৈতিক কর্মী-সহ একাধিক গুলি চলার ঘটনা ঘটেছে। তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা খুন হওয়ার পরও এলাকায় অনুরূপ কয়েকটি হামলার খবর মিলেছে। এই নতুন ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
কদিন আগে কোচবিহারেও গুলি চলার ঘটনা ঘটেছিল। খুন করা হয় এক তৃণমূল নেতাকে। সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই ফের বাংলায় একই ধরনের ঘটনা।