
শেষ আপডেট: 27 March 2023 06:47
দ্য ওয়াল ব্যুরো: গুরুদ্বারে (gurudwara) প্রতিদিনের মতোই প্রার্থনা করতে গিয়েছিলেন দু'জন ব্যক্তি। কিন্তু প্রার্থনা সেরে ফেরার আগেই পরিচিত বন্ধুর গুলির (shootout) আঘাতে ভয়াবহ জখম হলেন তাঁরা। রবিবার ক্যালিফোর্নিয়ার (California) স্যাক্রামেন্টো কাউন্টির গুরুদ্বারে এই ঘটনা ঘটেছে।
২৬ মার্চ দুপুর ২.৩০ নাগাদ আচমকাই গুলি চালানো হয় দুজনের ওপর। গুরুদ্বারের এক কর্মী সংবাদ মাধ্যমকে জানান, যে দুই ব্যক্তি গুলি চালান তাঁরা আগে থেকেই পরস্পরকে চিনতেন। ওই দুজন ছাড়াও আরও একজন উপস্থিত ছিলেন সেখানে।
তিনজনের মধ্যে আগে থেকেই কোনও কারণে বিবাদ চলছিল যার পরিণতিতে এই গুলি চালানোর ঘটনা ঘটে । আচমকাই দুই সন্দেহভাজনের একজন গুলি চালায় দ্বিতীয় সন্দেহভাজনের বন্ধুর ওপর। এরপরই দ্বিতীয় সন্দেহভাজন প্রথম জনের দিকে বন্দুক তাক করে গুলি চালায়।
এরপরই সেখান থেকে পালিয়ে যায় ঘটনায় জড়িত সেই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীর কথায় তিনজনের মধ্যে আগে থেকেই কোনও বিষয় নিয়ে সমস্যা ছিল। তাঁরই ফলাফল এই ঘটনা। শেরিফের অফিস থেকে জানানো হয়েছে এই ঘটনার পেছনে কোনও জাতিগত ঘৃণা নেই। প্রসঙ্গত, আমেরিকায় এমন গুলি চালানোর ঘটনা নতুন নয়। ইদানীং এরকম ঘটনার সংখ্যা বেড়েছে।
রাষ্ট্রপতি জো বাইডেন বন্দুক কেনার ক্ষেত্রে ক্রেতার বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ বিষয়ক একটি নির্দেশিকা জারি করেছেন। এর আগেও ডেনভারের একটি স্কুলে এমন ভাবেই গুলি চালানোর ঘটনা ঘটে। ফের এমন ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমেরিকায় প্রশাসন এক প্রকার অসহায় বন্দুকবাজদের সামনে।