
শেষ আপডেট: 16 March 2024 20:57
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিকাণ্ডে এবার গ্রেফতার শেখ শাহজাহানের ভাই আলমগির। ১১ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে আলমগিরকে গ্রেফতার করে সিবিআই। এদিন একইসঙ্গে গ্রেফতার হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ আরও তিনজন।
শনিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেয় আলমগির। তাঁর সঙ্গে এসেছিল আরও ৪ জন। সিবিআইয়ের দ্বিতীয় তলবে সাড়া দিয়ে এদিন সিবিআইয়ের কলকাতা দফতরে হাজির হয় তাঁরা। এরপর দুপুর ১২ টা থেকে চলে টানা জিজ্ঞাবাসাবাদ পর্ব।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা জানতে পেরেছেন যে শাহজাহান ৫৫ দিন নিঁখোজ থাকার সময়ে তাঁকে সাহায্য করেছিল আলমগির। শুধু তাই নয়, সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনাতেও যুক্ত ছিলেন শাহজাহানের ভাই। সেই সূত্র ধরে আলমগিরকে একাধিকবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এরপর শনিবার হাজিরার পর আলমগির সহ বাকিদের জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই।
এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডির থেকে সিবিআই তদন্তভার নেওয়ার পর শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মেল্লা, দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জিকে গ্রেফতার করেছিল সিবিআই। গত ১১ মার্চ তাঁদেরকেও নিজাম প্যালেমে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
এরই মধ্যে গত কয়েকদিনে সন্দেশখালিকাণ্ডে ইডির উপর হামলার ঘটনায় আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দফায় দফায় সন্দেশখালিতে গিয়ে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। শনিবারও সিবিআইয়ের একটি দল সন্দেশখালিতে যায় বলে সিবিআই সূত্রের খবর। এদিন সমান্তরালভাবে নিজাম প্যালেমে চলে আলমগির সহ সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত বাকিদের জিজ্ঞাসাবাদ পর্ব।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার দিন আলমগিরের উপস্থিতি এবং ঘটনায় মদত দেওয়ার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেই তথ্য মিলেছে। একইসঙ্গে শাহজাহান মোবাইলে কাদের সঙ্গে যোগাযোগ করেছে তাও জানতে পেরেছে সিবিআই অফিসাররা। এই সমস্ত প্রশ্নের সদুত্তর দিতে পারেনি আলমগির। শেষ পর্যন্ত রাতে গ্রেফতার হলেন শাহজাহানের ভাই আলমগির। রবিবার ধৃতদের আদালতে পেশ করা হবে।
শাহজাহান গ্রেফতার হওয়ার পর ইতিমধ্যেই এই মামলায় সক্রিয় তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ১৩ মার্চ শেখ শাহজাহানের ভাই আলমগিরের বাড়িতে গিয়েছিল সিবিআই। তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়ে বাড়িতে নোটিস দিয়ে আসে কেন্দ্রীয় তদন্তাকারী কর্তারা।
সিবিআই সূত্রের খবর, গত ১৩ মার্চ সন্দেশখালিকাণ্ডে যুক্ত ১৫ জনকে নোটিস পাঠায় সিবিআই। এদের সকলকেই নিজামে ডাকা হয়েছিল। শাহজাহানের ভাই আলমগীরের পাশাপাশি নোটিস ধরানো হয়েছে মাফুজা মোল্লা, আবুহোসেন মোল্লা ওরফে দুরন্ত মোল্লা-সহ একাধিক জনকে। সকলেই শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযুক্তদের অধিকাংশই বাড়িতে না থাকায় তাঁদের পরিবারের সদস্যদের হাতে নোটিস ধরিয়ে আসে সিবিআই আধিকারিকরা। কোনও কারণে যেতে না পারলে নোটিসে থাকা ফোন নম্বরে জানানোর কথাও বলা হয়েছে।
৫৫ দিন নিঁখোজ থাকার পর শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছয় ইডির একটি দল। সেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালায় শাহজাহান ঘনিষ্ঠরা। ঘটনাটির তদন্ত শুরু করেছে সিবিআই।